ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন। এ বছর মোট খাদ্য শস্য উৎপাদনের লক্ষমাত্রা ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন। এছাড়া বোরো মওসুমে কৃষকদের প্রদেয় সরাসরি ভর্তুকির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং এর মহাপরিচালক আনোয়ার ফারুক সংবাদ সম্মেলনে বলেন, বিগত কয়েক বছর ধরে জ্বালানি হিসাবে খাদ্য শস্যের ব্যবহার এবং জলবায়ুর পরিবর্তনজনিত কারণে খাদ্য উৎপাদনে মন্দাভাব দেখা দিয়েছে। গত বছর বিশ্ব জুড়ে খাদ্যের সঙ্কট দেখা দিলেও বাংলাদেশে খাদ্যের স্থিতাবস্থা ছিল বলে মত দেন তিনি।
তিনি বলেন, জলবায়ুর পরিবর্তনে শস্যেরও চারিত্রিক পরিবর্তন হওয়ায় নতুন নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করা হচ্ছে। লবণাক্ততায় টিকতে পারে এমন নতুন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। উপকূলে ১ লাখ হেক্টর এলাকায় বোরো ধান উৎপাদন সম্ভব হবে। এছাড়া জলমগ্ন এলাকায় চাষের জন্য ধানের নতুন জাত নিয়ে গবেষণা করা হচ্ছে। ১৪ দিন পানির নিচে বেঁচে থাকতে পারে এমন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে।
এ বছর খাদ্য শস্যের মোট উৎপাদনের ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার মধ্যে বোরো ১ কোটি ৮০ লাখ, আমন ১ কোটি ৩০ লাখ এবং আউশ ২২ লাখ টন ধরা হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি এড স্পাইকার্স বলেন, "গত বছর আগের বছরের তুলনায় ১৭-১৮ শতাংশ বেশি খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। এটি খুবই আশার বিষয়।" সবকিছু ঠিকমতো চললে এবং অনুকুল আবহাওয়া থাকলে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্যে স্বনির্ভরতা অর্জন করবে। এমনকি অল্প পরিমানে রপ্তানিও করতে পারবে বলেও তিনি আশাবাদ জানান।
আমদানি করা বীজ দিয়ে খাদ্য নিরাপত্তা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। দেশে হাইব্রিড উৎপাদন করা হলে কৃষক কম দামে বীজ পাবে বলে বক্তারা অভিমত দেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার বোরো মওসুমে কৃষকদের সরাসরি গত বছরের তুলনায় দ্বিগুণ ভর্তুকি দেওয়া হবে। এবার প্রতি কেজি বোরো ধানের উৎপাদন খরচ হবে ১৮-২০ টাকা।
বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে ক্রিসেন্ট লেক থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। শুক্রবার পর্যন্ত এখানে কৃষিমেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কৃষি স
bdnews24