ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে আলোচনা করেই জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি মন্ত্রণালয়ে বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ সংশোধন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যান গোলাম রহমানসহ কমিশনার ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনের আওতায় বিইআরসির সঙ্গে পরামর্শ করেই জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে মন্ত্রণালয়। এতে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে।"
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে জ্বালানি তেলের দাম নিয়ে আলোচনা ছাড়াও এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ সংশোধন নিয়ে আলোচনা হয়। এতে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের যোগ্যতা নির্ধারণ সংক্রান্ত সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। এসব পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা আরও উদার করার প্রস্তাব করা হয়েছে।
আগে নির্ধারিত কিছু সীমিত বিষয়ে ডিগ্রিধারীরা এসব পদের জন্য আবেদন করতে পারতেন। সংশোধনী অনুসারে আরও বেশিসংখ্যক বিষয়ে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন বলে জানান তিনি।
বিইআরসির চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে রেগুলেটরি কমিশন আইনের সংশোধনী নিয়ে আলোচনা করা হয়েছে।
জ্বালানি তেলের দাম নির্ধারণ সম্পর্কে তিনি বলেন, জরুরি অবস্থায় মন্ত্রণালয় কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে।
স
bdnews24