২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের ব্যাংকে বাংলাদেশের টাকা নিরাপদ: কেন্দ্রীয় ব্যাংক

চলমান অর্থনৈতিক সংকটের কারণে সমস্যায় পড়া বিদেশের ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের যে টাকা গচ্ছিত ছিল তা তুলে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান অর্থনৈতিক সংকটের কারণে সমস্যায় পড়া বিদেশের ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের যে টাকা গচ্ছিত ছিল তা তুলে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোও একই ব্যবস্থা নিয়েছে। সে কারণে বিদেশের ব্যাংকে বাংলাদেশের সব টাকা নিরাপদে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। মঙ্গলবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কোনো প্রভাব বাংলাদেশের ব্যাংকিং খাতে পড়বে না আশ্বস্ত করে ডেপুটি গভর্নর বলেন, "বর্তমানে বিদেশের যে সব ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের যে টাকা আছে তা নিরাপদে আছে। চলমান মন্দাবস্থার কারণে বিদেশের যে সব ব্যাংক সমস্যায় পড়েছে সেসব ব্যাংক থেকে ইতিমধ্যেই টাকা তুলে ওইসব দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়েছে।" তবে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখার কারণে সুদ বেশ কম পাওয়া যাবে বলে জিয়াউল হাসান জানান। তিনি বলেন, "বাণিজ্যিক ব্যাংকে যে পরিমাণ সুদ পাওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকগুলোতে ততোটা সুদ পাওয়া যায় না।" গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ দেশের বাইরে থাকায় ডেপুটি গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। "যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের সরকারগুলো এবং কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের অর্থ নিরাপদে রাখার প্রতিশ্র"তি দিয়েছে। তাই নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের টাকা (বাংলাদেশের রিজার্ভ) সেখানকার কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।" তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে মন্দাবস্থা দেখা দিতে পারে- এমন আভাস আমরা অনেক আগেই টের পেয়েছিলাম। তিন মাস আগে থেকেই আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বাণিজ্যিক ব্যাংকগুলোও বিভিন্ন দেশের ঝুঁকিতে থাকা ব্যাংক থেকে টাকা তুলে সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখেছে।" এ সব কারণে বিশ্ব অর্থনীতির সংকটের কোনো প্রভাব বাংলাদেশের ব্যাংকিং খাত তথা অর্থনীতিতে পড়বে না বলে জানান জিয়াউল হাসান সিদ্দিকী। তার মতে "উন্নত দেশের যেসব আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি ঋণ বিতরণ করেছে তারাই মন্দার কবলে পড়েছে। কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত স্বল্পমেয়াদি ঋণ দেয় না। কেন্দ্রীয় ব্যাংকও বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বল্পমেয়াদি ঋণ দিতে নিরুৎসাহিত করে।" বিদেশি ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কি পরিমাণ টাকা আছে এবং মোট কতো টাকা সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে- এ প্রশ্নের উত্তরে জিয়াউল হাসান বলেন, "এটা একটা স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষ্যে সম্ভব নয়।" কোন কোন ব্যাংক থেকে টাকা স্থানান্তর করা হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি। এ প্রসঙ্গে ডেপুটি গভর্নর বলেন, "কোন ব্যাংক থেকে টাকা স্থানান্তর করা হয়েছে সেটা প্রকাশ করলে ওই ব্যাংক তাদের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে।" তবে তিনি বলেন, "মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৫ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। এর সিংহভাগই বিদেশের ব্যাংকে রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২০৩৬ ঘ.