ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আগামী ৬ নভেম্বর শুরু হবে তিন দিনব্যাপী প্রথম জার্মান 'ট্রেড শো'। বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিজিসিসিআই) এই প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।
জার্মান দূতাবাসের সহায়তায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী হবে বলে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সোমবার বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে এক বৈঠকে বিজিসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম এই প্রদর্শনী আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জার্মান দূতাবাসের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
ট্রেড শোতে জার্মান বিনিয়োগকারী এবং জার্মানির সঙ্গে ব্যবসা করছেন এমন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতিষ্ঠান অংশ নেবে।
গত অর্থবছর বাংলাদেশ ২ হাজার ১৭৪ দশমিক ৮১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য জার্মানিতে রপ্তানি করে। আর জার্মানি থেকে আমদানি করেছে ৪০৪ দশমিক ৬১ মিলিয়ন ডলারের পণ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২২১৬ ঘ.
bdnews24