ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরও দুটি নতুন গন্তব্য সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা বেস্টএয়ার।
আগামী সোমবার থেকে ঢাকা-সিঙ্গাপুর এবং এর পরদিন ঢাকা-কুয়ালালামপুর রুটে সংস্থাটির উড়োজাহাজ উড়বে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ওই সম্মেলনে বেস্টএয়ারের চেয়ারম্যান হায়দার উজ্জামান বলেন, "সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশী কাজ করছেন। এছাড়া ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসার কাজেও এ দুই দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। তাই বেস্টএয়ার এ দুই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।"
ঢাকা থেকে সিঙ্গাপুরে সপ্তাহে দুই দিন (সোম ও শুক্রবার) এবং ঢাকা থেকে কুয়ালালামপুর সপ্তাহে চার দিন (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনিবার) ফ্লাইট চালাবে বেস্টএয়ার।
ট্যাক্স ও সারচার্জ ছাড়া ঢাকা-সিঙ্গাপুর দ্বিমুখী ভ্রমণের জন্য ভাড়া ২৮২ ডলার এবং ঢাকা-কুয়ালালামপুর দ্বিমুখী ভ্রমণের জন্য ৩৮০ ডলার নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভাড়ার এ হার তুলনামূলক কম দাবি করে হায়দার উজ্জামান বলেন, "এ দুই রুটে অন্য সব এয়ারলাইন্স থেকে আমরা সবচেয়ে কম খরচে যাত্রী পরিবহণের ব্যবস্থা করেছি।"
বেস্টএয়ার ১৯৯৯ সালে বেস্ট অ্যাভিয়েশন নামে হেলিকপ্টার সেবার মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। ২০০৬ সালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনের অনুমতি পায় তারা।
গত মে মাস ঢাকা-ব্যাংকক রুট চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। জুলাই মাসে ঢাকা-কলম্বো-মালে এবং সেপ্টেম্বরে ঢাকা-দুবাই রুটে বেস্টএয়ারের ফ্লাইট চালু হয়।
আগামীতে ভারত, চীন, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি দেশেও ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানান হায়দার উজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/এসকে/১৯২৬ঘ.
bdnews24