ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে চলমান অর্থনৈতিক সঙ্কট স্বল্পমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে খুব বেশি প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
ওয়াশিংটনে 'দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সঙ্কটের প্রভাব' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন গভর্নর। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার অনুষ্ঠিত এ গোলটেবিলের কথা জানানো হয়।
গভর্নরের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে ইউরোপ ও আমেরিকার ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা খুব একটা বেশি নয়। তাই বাংলাদেশের অর্থনীতিতে এই সঙ্কটের ঢেউ খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না।"
বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সঙ্কট মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। গভর্নর জানান, এ পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলো বড় তারল্যের সমস্যার কারণে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়নি।
তবে একইসঙ্গে সতর্কতা উচ্চারণ করে বাংলাদেশের শীর্ষ ব্যাংকার বলেন, উন্নত দেশগুলোর এই সঙ্কট প্রলম্বিত হলে আমদানি-রপ্তানির মত প্রত্যক্ষ খাতে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও দ্বিপাক্ষিক সাহায্যের পরিমাণ কমে গেলে তা বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে যা চলতি দারিদ্র্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা জাল ও স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রকল্পগুলোকে ক্ষতিগ্রস্থ করতে পারে।
ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ নোবেল পুরস্কার জয়ী ড. জোসেফ স্টিগলিৎজ, আইএমএফের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. রঘু রাজন এবং ভারত ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররাও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিএইচ/এসকে/১৮১৪ঘ.
bdnews24