ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত মজুদ না থাকায় বাংলাদেশে গ্যাস রপ্তানি করবে না মিয়ানমার। বুধবার অধ্যাপক ম তামিমের সঙ্গে বৈঠকে মিয়ানমারের জ্বালানি মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল লুন থি তার দেশের এ অবস্থানের কথা জানান। তিনি বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ এলাকায় সীমানা চিহ্নিত না হওয়া পর্যন্ত মিয়ানমার খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ করবে না বলেও আশ্বাস দিয়েছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেছেন, সরকার বিদ্যুৎ চাহিদা মেটাতে মিয়ানমারে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা ভাবছে।
তামিম বলেন, "মিয়ানমারের কাছে এ মুহূর্তে গ্যাসের অতিরিক্ত মজুদ নেই; এ কারণে তারা এখন বাংলাদেশে গ্যাস রপ্তানি করবে না। তবে চলতি বছরের ডিসেম্বর নাগাদ নতুন দু'টি ব্লকে অনুসন্ধান কাজ শুরু করবে মিয়ানমার। ওখানে গ্যাস পাওয়া গেলে হয়ত আমাদের দেওয়ার কথা ভাববে। প্রতিযোগিতার ভিত্তিতে তা কিনতে হবে।"
তিনি জানান, বর্তমানে মিয়ানামেরর দু'টি গ্যাসক্ষেত্র থেকে চীন ও থাইল্যান্ডে রপ্তানি করা হচ্ছে। তাদের কাছে প্রতি মিলিয়ন ঘনফুট গ্যাস ৯ ডলারে বিক্রি করা হচ্ছে।
তামিম বলেন, "গ্যাস সঙ্কটের কারণে এ বছরের ফেব্র"য়ারি মাসে মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে গ্যাস রপ্তানির প্রস্তাব দেয়া হয়। আমরা তাদের বলেছি, বাংলাদেশ গ্যাস আমদানি করে সার উৎপাদন করলে ব্যয় সাশ্রয়ী হবে। উৎপাদিত সার কম দামে মিয়ানমারে রপ্তানি করা সম্ভব হবে। এ খাতে আমাদের অভিজ্ঞতা আছে।"
মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানি সম্পর্কে অধ্যাপক তামিম বলেন, "মিয়ানমারের রাখাইনে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আমরা আশাবাদী। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নভেম্বরে সম্ভাব্য এলাকা পরিদর্শন করার ব্যাপারে কথা চলছে দু'দেশের মধ্যে। তখন প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হবে।"
"এর আগে মিয়ানমার থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে প্রস্তাব করা হয়েছিল মিয়ানমারে উৎপাদিত বিদ্যুতের ৭০ ভাগ আমরা পাবো এবং ৩০ ভাগ মিয়ানমারকে দিতে হবে। তবে এ ব্যাপারে পুরো বিনিয়োগ বাংলাদেশকেই করতে হবে।"
বৈঠকে সুমদ্রসীমা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "তারা (মিয়ানমার) জানিয়েছে, সমুদ্রের বিরোধপূর্ণ এলাকার সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত অনুসন্ধান কাজ করবে না।"
বাংলাদেশের সমুদ্র এলাকার যে নয়টি ব্লক অনুসন্ধানের জন্য ইজারা দেওয়া হচ্ছে তা নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনও বিরোধ নেই বলে তিনি জানান।
দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে মঙ্গলবার ৫৫ সদস্যের মিয়ানমার দল তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/১৯৩৮ ঘ.
bdnews24