২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈতকরারোপ এড়াতে বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য চুক্তি

বাংলাদেশ ও মিয়ানমার আন্তঃবাণিজ্য ১৪ কোটি ডলার থেকে ৫০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে দ্বৈতকরারোপ এড়াতে মঙ্গলবার একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশে নিয়মিত ৫০ হাজার থেকে এক লাখ টন চাল রপ্তানির ব্যাপারেও রাজি হয়েছে মিয়ানমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও মিয়ানমার আন্তঃবাণিজ্য ১৪ কোটি ডলার থেকে ৫০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে দ্বৈতকরারোপ এড়াতে মঙ্গলবার একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশে নিয়মিত ৫০ হাজার থেকে এক লাখ টন চাল রপ্তানির ব্যাপারেও রাজি হয়েছে মিয়ানমার। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা সিনিয়র ভাইস জেরারেল মং অয়ের নেতৃত্বাধীন সফরকারী মিয়ানমার প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় আলোচনা শেষে এ চুক্তি সই হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে আয়েজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "দুদেশের মধ্যে আন্তঃবাণিজ্য বাড়ানোর জন্য দ্বৈতকরারোপ এড়াতে একটি চুক্তি করেছি আমরা।" তিনি জানান, বর্তমানে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বছরে ১৪ কোটি ডলার। এছাড়া ২০০৭ সালের আগস্টের হিসাব অনুযায়ী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ৬ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে এতো অল্প বাণিজ্য হওয়ার কারণ হিসেবে দ্বৈত করারোপকে অন্যতম বাধা বলে বিবেচনা করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০ কোটি ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। জেনারেল মং অয়ের বাংলাদেশ সফরের পর দুদেশের বাণিজ্য উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছি।" উপদেষ্টা বলেন, "বাংলাদেশ মিয়ানমার থেকে মাছ আমদানি করতে পারে। অন্যদিকে মিয়ানমার বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে পারে। এছাড়া মিয়ানমার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে তাদের চাল উৎপাদন ক্ষাতিগ্রস্ত হয়েছিল; এখন তা আবার বাড়তে শুরু করেছে। তারা বাংলাদেশে নিয়মিত ৫০ হাজার থেকে এক লাখ টন চাল রপ্তানির ব্যাপারে রাজি হয়েছে। এটা একটা বড় প্রাপ্তি।" তিনি জানান, ব্যবসায়ীদের যাতায়াত সহজ করতে দুদেশের মধ্যে ভিসা ব্যাবস্থা আরও সহজ করার পাশাপাশি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। মিয়ানমার পক্ষও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সড়ক যোগাযোগ চীন পর্যন্ত বাড়ানোর ব্যাপারেও মিয়ানমার পক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিয়েছে তারা। আশা করা যাচ্ছে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার জন্য কিছুদিনের মধ্যেই বাংলাদেশ-মিয়ানমার-চীন আলোচনায় বসবে। বাংলাদেশ ইতোমধ্যেই নিজ অর্থায়নে টেকনাফ থেকে মিয়ানমারের বাওলিবাজার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক নির্মাণে চুক্তি করেছে। দ্রুত এই সড়কের নির্মাণ কাজ শুরু হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ থেকে চীন পর্যন্ত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার জন্য মিয়ানমারের ভেতর থেকে চীনের কুনমিং পর্যন্ত আরো ১২০ কিলোমিটার সড়ক নির্মাণ করতে হবে মিয়ানমার সরকারকে। তিনি জানান, বাংলাদেশ ও মিয়ানমারের সার দরকার। বৈঠকে সে লক্ষ্যে পাইপ লাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস এনে বাংলাদেশে সার উৎপাদন করে সেটা আবার মিয়ানমারে রপ্তানির প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে মিয়ানমারের জমি ইজারা নিয়ে চুক্তিভিত্তিক চাষের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি জানিয়ে ইফতেখার আহমদ বলেন, "চুক্তিভিত্তিক চাষাবাদ সহজ কোনো বিষয় নয়। এখানে আমাদের স্বার্থটি মুখ্য। এক্ষেত্রে কারা জমিটি ইজারা নেবে, কীভাবে চাষ করা হবে ইত্যাদি বেশ কিছু অমিমাংসীত বিষয় রয়েছে।" বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা চিহ্নিত করার ব্যাপারে উদ্যোগ নিতে জেনারেল মং অয়েকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন জানান, বঙ্গোপসাগরের অমিমাংসীত এলাকায় কোনো গ্যাস অনুসন্ধান চালায়নি মিয়ানমার। দীর্ঘ ২২ বছর পর চলতি বছর সমুদ্রসীমা চিহ্নিত করার জন্য আলোচনায় বসে দু'দেশ। আগামী বছরের জানুয়ারিতে মিয়ানমারে এ ব্যাপারে পরবর্তী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে 'এয়ার বাগান'-এর একটি বিশেষ ফ্লাইটে মিয়ানমারের মন্ত্রিপরিষদের সাত সদস্যসহ ৫৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় আসেন জেনারেল মং অয়ে। তাদের সঙ্গে দেশটির বিমান ও নৌবাহিনীর প্রধানও রয়েছেন। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে মং অয়েকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তার স্ত্রী নীনা আহমদ। এ সময় বিমান বন্দরে আরো উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। ২১ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দিয়ে মিয়ানমারের সিনিয়র ভাইস জেনারেল মং অয়েকে অভ্যর্থনা জানানো হয়। এর পরপরই প্রতিনিধি দলটিকে হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। প্রধান দু'নেতার বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ নিয়ান উইন এর সঙ্গেও বৈঠক করবেন। আগামী ৯ অক্টোবর মং অয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/টিএইচ/এমএইচবি/২১৩৮ ঘ.