ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস আমদানি নিয়ে মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার আলোচনায় বসবে সরকার।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার আমাদের বৈঠক হবে। বৈঠকে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।"
মূলত গ্যাস আমদানি নিয়েই ওই আলোচনা হবে বলে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বাংলাদেশের পক্ষে এবং মিয়ানমারের জ্বালানি মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল লুন থি সে দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
মন্ত্রণালয়ে বৈঠকের আগে বুধবার সকালে মিয়ানমারের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করবে পেট্রোবাংলা।
মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা মং আইয়ের নেতৃত্বে ৫৫ সদস্যের প্রতিনিধি দল তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছে। ওই দলে মন্ত্রিপরিষদের সাত সদস্য, বিমান ও নৌবাহিনী প্রধানরাও রয়েছেন।
গত ফেব্র"য়ারি মাসে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দেওয়া হলে মিয়ানমার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয়। তবে ওই সময় মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশ জানানো হয়, চীন ও ভারতে গ্যাস রপ্তানির প্রতিশ্র"তিকে অগ্রাধিকার দেবে তারা। এরপর অতিরিক্ত কোনও গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেই বাংলাদেশে গ্যাস রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে।
গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় মিয়ানমার থেকে আমদানির চিন্তা-ভাবনা শুরু করে সরকার। বোরো মওসুমে সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে গ্যাস সরবরাহে সমন্বয়ের নির্দেশও দেয় মন্ত্রণালয়। সার কারখানাগুলোতে ন্যূনতম চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের নির্দেশ দেওয়া হয়। অপরদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বর্তমানে গ্যাসের চাহিদা ৮৬১ মিলিয়ন ঘনফুট। সরবরাহ করা হচ্ছে ৬১৩ মিলিয়ন ঘনফুট। সার কারখানাগুলোতে ২৮৯ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৪০ মিলিয়ন ঘনফুট।
দেশের ১৮টি গ্যাস ক্ষেত্রের ৭৯টি কূপের প্রতিদিন উৎপাদন ক্ষমতা হচ্ছে ১ হাজার ৮৩৪ মিলিয়ন ঘনফুট। মঙ্গলবার উৎপাদন ছিল ১ হাজার ৫৭৯ মিলিয়ন ঘনফুট।
সোমবার থেকে আরও ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে যুক্ত হয়েছে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "বাঙ্গুরা গ্যাস ক্ষেত্র থেকে আরও ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করা শুরু হয়েছে। এ নিয়ে বাঙ্গুরার মোট উৎপাদন এখন ১০০ মিলিয়ন ঘনফুট।"
বাঙ্গুরা থেকে পাওয়া গ্যাসের ১০ মিলিয়ন ঘনফুট চট্টগ্রামে সরবরাহ করা হবে বলে পেট্রোবাংলা চেয়ারম্যান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এমএইচবি/১৭৫০ ঘ.
bdnews24