২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেডে বৈদেশিক মুদ্রায় লেনদেনের তথ্য জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে

এখন থেকে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব শিল্প প্রতিষ্ঠানের এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব ধরনের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। একই সঙ্গে জানাতে হবে কর্ণফুলী সার কারখানা (কাফকো) থেকে সার বিক্রির তথ্যও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 06:16 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ০৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব শিল্প প্রতিষ্ঠানের এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব ধরনের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। একই সঙ্গে জানাতে হবে কর্ণফুলী সার কারখানা (কাফকো) থেকে সার বিক্রির তথ্যও। এই নিয়মের মধ্য দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের নীতিমালা আরো কঠোর করলো কেন্দ্রীয় ব্যাংক। গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। সোমবার এই সার্কুলার সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী ইপিজেডের প্রতিষ্ঠনগুলোর আমদানি ব্যয়, রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য বাণিজ্যিক ব্যাংকগুলোই কেন্দ্রীয় ব্যাংকে জানায়। এর বাইরেও অনেক 'অদৃশ্য' খাতে অনেক লেনদেন হয়। সে সব তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে পৌঁছায় না। কর্মকর্তা বলেন, এই অদৃশ্য লেনদেনের কারণে সরকার বঞ্চিত হচ্ছে। তাছাড়া অদৃশ্য লেনদেন করে ব্যাংকগুলো যাতে বড় ধরনের ঝুঁকির মধ্যে না পড়ে সে জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে। অদৃশ্য খাতে কী ধরনের লেনদেন হয়- এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, "ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন সেবা খাতে যে পরিমাণ কমিশন নেয়, ব্যবসায়ী-শিল্পপতিদের আপ্যায়নে যে অর্থ ব্যয় হয়, এবং অনৈতিক কোনো লেনদেন (ঘুষ) হয়ে থাকলে তা- মূলত এ গুলোকেই অদৃশ্য লেনদেন বোঝানো হয়েছে।" তিনি জানান, কাফকো পরিচালিত হয় ইপিজেড আইনে। এ কারণে বাংলাদেশ সরকারকেও এ কারখানা থেকে সার কিনতে হয় বৈদেশিক মুদ্রায়। এসব তথ্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে জানাচ্ছে না। তাই কাফকোকেও নতুন নিয়মের আওতায় আনার ব্যবস্থা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/০০০৪ ঘ.