২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে স্বয়ংক্রিয় হচ্ছে চট্টগ্রাম শুল্কভবনের শুল্কায়ন

চট্টগ্রাম শুল্ক ভবনে সোমবার থেকে পুরোদমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন শুরু হচ্ছে। গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে কাজ চললেও সোমবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্ক ভবনে সোমবার থেকে পুরোদমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন শুরু হচ্ছে। গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে কাজ চললেও সোমবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টা রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে একটি 'ইলেকট্রনিক বিল অব এন্ট্রি ফরম' পূরণ করে অনলাইনে শুল্ক ভবনে পাঠাবেন। আর এভাবেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রেববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চট্রগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সংবাদ সম্মেলনে জানান, স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়নে আমদানি-রপ্তানি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা ও জাটিলতা অনেক কমে আসবে। ফলে ব্যবসায়ীদের হয়রানি কমবে, সময়ও বাঁচবে। বর্তমানে যে প্রক্রিয়া সম্পন্ন করতে চার দিন লাগছে, সোমবার থেকে তা মাত্র চার ঘণ্টায় সম্পন্ন করা যাবে। চট্রগ্রাম চেম্বারের সভাপতি বলেন, এ পদ্ধতিতে ব্যবসায়ীদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের সরাসরি সাক্ষাতের প্রয়োজন হবে না। ব্যবসায়ীরা ঘরে বা অফিসে বসে অনলাইনে আমদানি-রপ্তানি সংক্রান্ত দাপ্তরিক কাজগুলো সারতে পারবেন। ফলে দুর্নীতি বন্ধ হবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে। চট্রগ্রাম শুল্ক ভবনের 'অটোমেশন' প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরে সাইফুজ্জামান জাভেদ বলেন, "ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন চালুর দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কোনো ইতিবাচক সারা না পেয়ে চট্রগ্রাম চেম্বারের পক্ষ থেকে চট্রগ্রাম শুল্কভবনে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে দেয়ার প্রস্তাব করা হয়। সরকার প্রস্তাবটি গ্রহণ করে এবং গত ১৩ এপ্রিল শুল্কভবনের সঙ্গে চট্রগ্রাম চেম্বারের একটি চুক্তি হয়।" তিনি জানান, চুক্তি অনুযায়ী, প্রথম ৫ বছরের জন্য চট্টগ্রাম চেম্বার প্রকল্পটি পরিচালনা করবে। চুক্তি নবায়ন না হলে প্রকল্পটি পরিচালনার দায়িত্বভার শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ প্রকল্পে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান 'ডাটাসফট' এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, "৫ বছরে সব মিলিয়ে ৩৩ কোটি টাকার মতো ব্যয় হবে। দেশী জনবলের ওপর নির্ভর করেই পুরো প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।" এর আগে গত ২৪ সেপ্টেম্বর প্রকল্পটির পর্যবক্ষণ কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাংবাদিকদের জানান, এ প্রকল্পের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম শুল্ক ভবনকে ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুক্ত করা হয়েছে। ফলে এনবিআর কর্মকর্তারা আমদানি-রপ্তানি সংক্রান্ত সব কাজ ঢাকা থেকেই দেখভাল করতে পারছেন। আগে আমদানি পণ্য খালাসের ক্ষেত্রে মোট ৪২টি ধাপ পেরুতে হলেও স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পর এখন মাত্র ছয় ধাপে আনুষ্ঠানিকতা সারা হচ্ছে। একইভাবে রপ্তানির ক্ষেত্রে ১১৬ ধাপের আনুষ্ঠানিকতা নেমে এসছে মাত্র পাঁচ ধাপে। বন্দর ও শুল্ক ভবন ব্যবহারকারী ১৯টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। আইজিএম ও ইজিএম দাখিলের পর বন্দর থেকে মালামাল ছাড় করানো পর্যন্ত সব কাজ এখন অনলাইনেই হচ্ছে। শুধু বন্দরের কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) এর কার্যক্রম হাতেকলমে (ম্যানুয়ালি) করা হচ্ছে। তিন মাসের মধ্যে সেটিও অনলাইনের আওতায় চলে আসবে বলে জানান হাসান নাসির। তিনি জানান, এ পদ্ধতি বাস্তবায়নে ইতোমধ্যে এক কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামী পাঁচ বছর এটির পূর্ণাঙ্গ রূপ দিতে ও ব্যবস্থাপনায় ১৩ কোটি টাকা ব্যয় হবে। এর পুরোটাই বেসরকারি খাত থেকে সংগ্রহ করা হচ্ছে। এ জন্য চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি আইজিএম বা ইজিএম-এ ৫০ টাকা করে নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এআরএইচ/জেকে/এমএইচবি/১৮১১ ঘ.