ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২০০৫ সালের হংকং বৈঠকে উন্নত দেশগুলোর বাজারে স্বল্পোন্নত দেশগুলোর বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণাকে 'শুভঙ্করের ফাঁকি' মনে করেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "উন্নত দেশে অর্থবহ বাজার সুবিধা আদায়ের জন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোটবদ্ধ ভূমিকা চায় বাংলাদেশ। এ ব্যাপারে আফ্রিকার লেসোতে আগামী মাসে এলডিসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে আলোচনা হবে।''
উপদেষ্টা এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডব্লিউটিও সংক্রান্ত বৈঠকে অংশ নেন।
হোসেন জিল্লুর বলেন, "২০০৫ সালের বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং বৈঠকে ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেটি ছিল শুভঙ্করের ফাঁকি। ওই ঘোষণা থেকে বাংলাদেশ কোনো লাভবান হয়নি। কারণ নির্ধারিত ৯৭ শতাংশের তালিকায় বাংলাদেশের উল্লেখ করার মতো কোনো রপ্তানি পণ্য ছিল না।"
বাংলাদেশ অর্থবহ বাজার প্রবেশাধিকার সুবিধা চায়- জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, "আফ্রিকার লেসোতে আগামী ২৭ থেকে ২৯ ফেব্র"য়ারি স্বল্পোন্নত দেশের মন্ত্রিপর্যায়ের বৈঠক হবে। বাজার সুবিধা আদায়ের জন্য এলডিসিভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে সেখানে আলোচনা হবে।''
তিনি বলেন, "বিশ্ববাণিজ্যে সুবিধা আদায় একটি ধারাবাহিক প্রক্রিয়া। বেশ কিছুদিন বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্ব দিয়েছে। এলডিসিভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারলে বিশ্ববাণিজ্যে সুবিধা আদায় করা সহজ হবে।"
বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ও বেটার বিজনেস ফোরামের সদস্য এমএ তসলিম, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ইন্টারন্যাশনাল চেম্বার কমার্স-বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক এম আসাদুজ্জামন, বাংলাদেশ বস্ত্র শিল্প সমিতির সভাপতি এমএ হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১৩২ ঘ.
bdnews24