ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার রাজধানীর একটি হোটেলে 'ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ' (আইবিএফবি) এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে ব্যবসায়ীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, "ব্যাংকের ঋণের টাকা ফেরত দিন। এগুলো জনগণের টাকা। ঋণ পরিশোধ করে এর যথাযথ ব্যবহার ও দেশের উন্নয়নে কাজ করুন।"
অনুষ্ঠানের বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা ডেনিস রোলিনস বলেন, "সরকারের দুর্নীতি বিরোধী অভিযান ও সংস্কারের প্রভাবে ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের উচিত নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেয়া।"
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি বর্তমানে বাংলাদেশে বাইরে থাকায় ডেনিস রোলিনস ওই দায়িত্ব পালন করছেন।
হাসান আরিফ বলেন, "আমাদের দেশে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের কিছুটা দূরত্ব রয়েছে। এই দূরত্ব কমাতে আইবিএফবি একটি সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে। এই ফোরাম ব্যবসায়ীদের জন্য যৌক্তিক রাজস্ব ও করনীতি তৈরিরও উদ্যোগ নিতে পারে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন নীতি প্রণয়নের ক্ষেত্রেও তারা সরকারকে সহায়তা করতে পারে।"
ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সরকার এ জন্য বেটার বিজনেস ফোরাম করেছে। এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে।"
ডেনিস রোলিনস বলেন, "সরকারের দুর্নীতি বিরোধী উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। তবে দুর্নীতি বিরোধী প্রচারণায় অস্বচ্ছতা থাকলে তা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে।"
আইবিএফবি'র সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএইচপি গ্র"পের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ও রানার গ্র"পের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/জেকে/এমএইচবি/১৯৫৬ ঘ.
bdnews24