২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটেলের ৩০ শতাংশ শেয়ার কিনতে চায় ভোডাফোন

বিশ্বের অন্যতম বড় মোবাইল ফোন প্রতিষ্ঠান ভোডাফোন বাংলাদেশের একটেলের ৩০ শতাংশ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া মোবাইল ফোন খাতে বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যতম বড় মোবাইল ফোন প্রতিষ্ঠান ভোডাফোন বাংলাদেশের একটেলের ৩০ শতাংশ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া মোবাইল ফোন খাতে বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে তারা। ভোডাফোনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ ভোডাফোনের প্রতিনিধি দল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেকের সঙ্গে দেখা করে বিনিয়োগের আগ্রহের কথা জানায়। তখন এমএ মালেক বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনার পরামর্শ দেন। মনজুরুল আলম বলেন, "ভোডাফোন দুটি প্রস্তাব দিয়েছে। একটি হচ্ছে মোবাইল খাতে বিনিয়োগ। অপরটি হচ্ছে, দেশের ছয়টি মোবাইল ফোন কোম্পানির কোনও একটির শেয়ার কিনতে পারবে কিনা। তারা একটেলের ৩০ ভাগ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।" ভোডাফোনের প্রস্তাব অনুযায়ী শেয়ার হস্তান্তরে আইনগত কোনও বাধা নেই জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, "লাইসেন্স পরিবর্তন করা যায় না; কিন্তু শেয়ার কেনা যায়। অবশ্য শেয়ার লেনদেনের জন্য নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে।" মনজুরুল আলম বলেন, আমরা দেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক চিত্র ভোডাফোনের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছি। আন্তর্জাতিক মান রক্ষার বিষয়ে অগ্রাধিকার দিয়েছি। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত প্রস্তাব নিয়ে এলে বিস্তারিত আলোচনা হবে। তিনি জানান, মোবাইল ফোন বাংলাদেশে বিকাশমান একটি খাত। বর্তমানে দেশে ৩ কোটি ৬৩ লাখ গ্রাহক রয়েছে। ২০০৯ সাল নাগাদ এ খাত থেকে ৫০ হাজার কোটি টাকা আয় হবে। বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ভোডাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (আমেরিকা/আফ্রিকা/চীন/ভারত) গ্যাভিন ডার্বি ও ঢাকার যুক্তরাজ্য দূতাবাসের পরিচালক (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট) কেভিন রিংহ্যাম অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৬০৫ ঘ.