২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর দুর্গতদের জন্য ১৩ কোটি ডলার দেবেন নাম না জানা একজন

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ঘূর্ণিঝড় সিডরের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ সরকারকে ১৩ কোটি ডলার অনুদান দেবেন। ওই ব্যক্তি কোন দেশের নাগরিক- সেটিও প্রকাশ করা হয়নি। ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) মাধ্যমে এ অনুদান দেওয়া হচ্ছে। আগামী ৪ ফেব্র"য়ারি বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি করবে আইডিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ঘূর্ণিঝড় সিডরের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ সরকারকে ১৩ কোটি ডলার অনুদান দেবেন। ওই ব্যক্তি কোন দেশের নাগরিক- সেটিও প্রকাশ করা হয়নি। ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) মাধ্যমে এ অনুদান দেওয়া হচ্ছে। আগামী ৪ ফেব্র"য়ারি বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি করবে আইডিবি। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সফররত আইডিবি প্রতিনিধি দলের প্রধান ড. এম এইচ সালেম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি সিডর আক্রান্তদের জন্য মোট ১৩ কোটি ডলার দেবেন। এরমধ্যে ১১ কোটি ডলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণ ও মেরামত এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য ব্যয় করা হবে। বাকি দুই কোটি ডলার ব্যয় হবে কৃষি পুনর্বাসন কাজে।" সার্বিক ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর আইডিবিও বাংলাদেশ সরকারকে বড় অঙ্কের ঋণ সহায়তা দেবে বলে জানান তিনি। আইডিবির প্রধান কার্যালয়ের বিশেষ পরামর্শক এম এইচ সালেম চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থ উপদেষ্টা বলেন, "বিভিন্ন দাতা দেশ ও সংস্থার পাশাপাশি দানশীল ব্যক্তিরাও ঘূর্ণিদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইডিবির মাধ্যমে ১৩ কোটি ডলার দিচ্ছেন। ৪ ফেব্র"য়ারি সরকার ও আইডিবির মধ্যে এ ব্যাপারে চুক্তি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১০৬ ঘ.