ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ মোবাইল টেলিফোন কোম্পানি ভোডাফোন বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছে।
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্যাভিন ডাভরিসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এমএ মালেকের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেয়।
পরে এমএ মালেক সাংবাদিকদের জানান, ভোডাফোন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আমরা বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছি। তাদের প্রস্তাব নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পরামর্শ দিয়েছি আমি। বিটিআরসির সঙ্গে তারা আলোচনা করুক। সম্ভব হলে তাদের প্রস্তাব সরকার বিবেচনা করবে।"
বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, "যুক্তরাজ্যের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি ভোদাফোন বাংলাদেশে বিনিয়োগ করলে গ্রাহকরা অনেক কমে কথা বলতে পারবেন।"
তবে ভোদাফোন কী পরিমাণ বিনিয়োগ করতে চায়, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
আনোয়ার চৌধুরী রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানেও ভোডাফোনের বিনিয়োগের আগ্রহের কথা জানান।
প্রবাসী বাংলাদেশীদের জন্য অভিজাত আবাসিক এলাকা 'প্রবাসী পল্লী'-এর উদ্বোধন উপলক্ষে হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ভোডাফোন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আর এ মুহূর্তে সরাসরি বিদেশি বিনিয়োগই বাংলাদেশের প্রয়োজন।
আনোয়ার চৌধুরী বলেন, দুর্নীতিবিরোধী অভিযান শুরু হওয়ার পর বাংলাদেশে বিনিয়োগের যে নিম্নমুখী ধারা তৈরি হয়েছিল, তার কিছুটা উন্নতি হয়েছে। বিনিয়োগের জন্য এটাই উপযুক্ত সময়।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাজধানীর পূর্ব পাশে পূর্বাচল হাউজিং প্রকল্পের কাছে ২২৫০ বিঘা জমিতে 'প্রবাসী পল্লী' আবাসিক এলাকার প্রকল্প বাস্তবায়ন করছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালি প্রবাসী বাংলাদেশীরা এ প্রকল্পে বিনিয়োগ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেআরসি/এসএইচ/এমআই/এসএনডি/১৯০৫ ঘ.
bdnews24