২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে ভুগতে পারে গ্রামীণফোন

অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রামীণফোন ও এর সাবেক দুই প্রধান নির্বাহীসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার ঘটনা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রামীণফোন ও এর সাবেক দুই প্রধান নির্বাহীসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার ঘটনা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, আগামী জুনে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের শুরুতে হয়ত তেমন কোনো প্রভাব পড়বে না, তবে মামলার ঘটনায় প্রতিষ্ঠানটির বিষয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইন ও নিবন্ধন বিভাগের সহকারী পরিচালক জিয়ান শাহ কবির গত ১৬ জানুয়ারি গুলশান থানায় গ্রামীণফোনের বিরুদ্ধে ভিওআইপি ব্যবসার অভিযোগে মামলা করেন। এতে গ্রামীণফোন ও মালয়েশিয়ার ডিজি টেলিকমিউনিকেশনস এর বিরুদ্ধে স্থানীয় ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান অ্যাকসেস টেল এর সঙ্গে 'শাস্তিযোগ্য কর্মকাণ্ডে' জড়িত থাকারও অভিযোগ করা হয়। দুই প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের মালিকানা রয়েছে নরওয়ের 'টেলিনর' এর হাতে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, মামলার ঘটনা গ্রামীণফোনের শেয়ার লেনদেনে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করছে আদালত ও বিটিআরসির সিদ্ধান্তের ওপর। বিশ্লেষক মইন আল কাশেম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের বিষয়ে আমাদের বিনিয়োগকারীরা অনেক নমনীয়। প্রতিষ্ঠানের শেয়ারের আকাক্সিক্ষত মূল্যমান বজায় থাকলে তেমন কোনো সমস্যা হবে না।" প্রাইম সিকিউরিটিজের ব্যবস্থাপক মইন আল কাশেম অবশ্য বলেন, "মামলার ঘটনায় গ্রামীণফোনের শেয়ার লেনদেনে অবশ্যই দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে।" এ ঘটনায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিব্রত হয়েছে জানিয়ে তিনি বলেন, "লেনদেনকারী প্রতিষ্ঠান সমস্যাহীণ হলে বিনিয়োগকারীদের পাশাপাশি আমরাও স্বস্তিতে থাকি।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাজারে গ্রামীণফোনের শেয়ার লেনদেনের ওপর কোনো প্রভাব পড়বে না।" গ্রামীণফোন অত্যন্ত লাভজনক একটি প্রতিষ্ঠান মন্তব্য করে তিনি বলেন, "এর শেয়ার কিনে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। এছাড়া, শেয়ারের দাম প্রত্যাশার মধ্যে থাকলে বিনিয়োগকারীরা সাধারণত অন্য কোনো বিষয়ে মাথা ঘামায় না।" গ্রামীণফোনের বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে আপাতত কোনো সমস্যা দেখছেন না এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ার সাঈদ। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি। আদালতের সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর আগে শেয়ার লেনদেনে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়।" এদিকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, মামলা হওয়ার সঙ্গে আগামী জুনে পুঁজিবাজারে গ্রামীণফোনের শেয়ার ছাড়ার কোনো সম্পর্ক নেই। এসইসি চেয়ারম্যান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব প্রতিষ্ঠান আইনকানুন মেনে বাজারে আসতে চায় তাদেরকে আমরা প্রয়োজনীয় সব সুবিধা দেওয়ার ব্যবস্থা করব।" প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "এটি আমাদের দেখার বিষয় নয়।" ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রক সংস্থার কোনো আপত্তি না থাকলে পুঁজিবাজারে কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে কোনো সমস্যা নেই। তিনি বলেন, "মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এসইসি যদি কোনো ব্যবস্থা না নেয় বা প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে আসার প্রক্রিয়া দীর্ঘায়িত না করে, তাহলে পুঁজিবাজারে কোনো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এআরএইচ/এসএনডি/জিএনএ/১৮১০ ঘ.