ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় টানা তিন দিন দরপতনের পর বৃহস্পতিবার শেয়ার বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। আগের দিনের চেয়ে প্রায় একশ কোটি টাকার লেনদেন বেড়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যমুনা, মেঘনা ও ডেসকোর শেয়ারের দাম কমলেও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "গত সপ্তাহের মতোই কেটেছে চলতি সপ্তাহ। সপ্তাহ জুড়ে মন্দা থাকার পর শেষ দিনে বাজারে কিছুটা চাঙাভাব দেখা গেছে।"
বিশ্লেষকদের মতে বাজারের অবস্থা ইতিবাচক হলেও এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদও জানিয়েছেন বাজারে গত সপ্তাহ ও চলতি সপ্তাহে একই ধরনের প্রবণতা দেখা গেছে। এটা ইতিবাচক হলেও বাজার পুরোপুরি স্থিতিশীল নয়।
তিনি বলেন, "যমুনা ও মেঘনার শেয়ারের দাম অনেক বেশি এবং প্রতিষ্ঠানদুটো তহবিল তুলে নিচ্ছে। যা বাজারের অনিশ্চয়তা বাড়িয়ে দিচ্ছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ২৮৮৬ দশমিক ৪৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে হয়েছে ২৪৩৩ দশমিক ১৪ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ২৩৩১ দশমিক ৮০ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৭ কোটি টাকার এক কোটি ১০ লাখ ২৭ হাজার ১৮২টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা যমুনা অয়েলের শেয়ারের দাম এক দশমিক ৭৩ শতাংশ কমে হয়েছে ৩৫৬ টাকা ২০ পয়সা। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ২ দশমিক ৮২ শতাংশ কমে ৩৫০ টাকা ৬০ পয়সা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১৪৯৭ টাকা ৭৫ পয়সা হয়। গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৯১ টাকা ১০ পয়সায় পৌঁছায়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬৫৯ টাকা ৫০ পয়সা হয়।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সামিট পাওয়ার, আইএফআইসি ব্যাংক ও ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও এবি ব্যাংক ও ডেসকোর শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল এম হোসাইন গার্মেন্টস, ঢাকা ফিশারিজ, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপারস ও মেঘনা শ্রিম্প। লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল গ্রামীণ বাংলা ফুডস, থেরাপিউটিকস, ফেডারেল ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও বিডিকম অনলাইন লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচকও ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২৭ কোটি ৭৩ লাখ ১২ হাজার টাকার ২২ লাখ ৮৮ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৫টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১০ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে ৭৪০৮ দশমিক ৩৬ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৭ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৭৫৭ দশমিক ৩৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৬৬২৯ দশমিক ৭০ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১৯১০ঘ.
bdnews24