২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের সোসিয়েৎ জেনারেল ব্যাংকে ৪৯০ কোটি ইউরোর জালিয়াতি

বিশ্ব বাজারে ঋণ খাতে লোকসানি পরিস্থিতির ওপর আরো খানিকটা হতাশার বার্তা দিয়েছে ফ্রান্সের সোসিয়েৎ জেনারেল ব্যাংক। আর্থিক লেনদেনের ইতিহাসে এ যাবতকালের সম্ভাব্য সবচেয়ে বড় প্রতারণার ঘটনাটি প্রকাশ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

প্যারিস, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাজারে ঋণ খাতে লোকসানি পরিস্থিতির ওপর আরো খানিকটা হতাশার বার্তা দিয়েছে ফ্রান্সের সোসিয়েৎ জেনারেল ব্যাংক। আর্থিক লেনদেনের ইতিহাসে এ যাবতকালের সম্ভাব্য সবচেয়ে বড় প্রতারণার ঘটনাটি প্রকাশ করেছে তারা। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সোসিয়েৎ জেনারেল জানায়, তাদেরই এক লেনদেনকারীর একটি "নজিরবিহীন জালিয়াতি" ধরতে পেরেছে তারা। জালিয়াতির কারণে ব্যাংকটির ৪৯০ কোটি ইউরো ক্ষতি হবে এবং পুঁজি বাজারের মাধ্যমে ৫৫০ কোটি ইউরোর তহবিল বাড়ানোর পরিকল্পনাও নষ্ট হবে। এছাড়া বিশ্ব ঋণ বাজারের মন্দাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। সোসিয়েৎ জেনারেল ব্যাংক জানায়, তারা প্যারিসের ওই ব্যবসায়ীকে (পরিচয় প্রকাশ করা হয়নি) লেনদেন থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ওই ব্যবসায়ীর প্রতিনিধিকেও প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল বটনের পদত্যাগের প্রস্তাব নাকচ করে দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এছাড়া ব্যাংকটির শেয়ার লেনদেনও স্থগিত করা হয়েছে। ব্যাংক অফ ফ্রান্স, ব্যাংকিং কমিশনের মাধ্যমে একটি তদন্তের ঘোষণা দিয়েছে এবং জানিয়েছে, ব্যাংক হিসাবপত্র ঠিকঠাক করার সিদ্ধান্ত নেওয়ায় এ ব্যপারে আর কোনো মন্তব্য দরকার নেই। ফরাসি অর্থমন্ত্রীর কার্যালয় জানায়, দিনের কোনো এক সময় অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্দে এ ব্যাপারে বিবৃতি দেবেন। জালিয়াতি ঘটনার বিশ্লেষক কার্লোস গার্সিয়া বলেন, "এই ঘটনা অনেক ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির বিষয়ে সংশয় তৈরি করবে।" নাম প্রকাশ না করার শর্তে সোসিয়েৎ জেনারেল এর এক কর্মকর্তা জানান, জালিয়াত লোকটি কোনো "বড় তারকা নয়" এবং তার বয়সও কম। সে ফলের ব্যবসার মাধ্যমে ইউরোপের পুঁজিবাজারে অর্থ লেনদেন করে। ফরাসি পুলিশ এ বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এ ব্যাপারে মন্তব্যের জন্য ফ্রেঞ্চ প্রসিকিউটর কার্যালয়ের কাউকে পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই ঘটনা ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটির সুনামের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে জালিয়াতির ঘটনা প্রকাশের পর বুধবার ব্যাংকটির শেয়ারের দাম এ বছরের শুরুর দামের চেয়ে ২০ শতাংশ নেমে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/টিএইচ/এমএ/১৮২০ঘ.