ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো ৭৫ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ। এতে প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৯৭ থেকে ৪০৩ ডলার।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তবে থাইল্যান্ড থেকে ১০ হাজার মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব নাকচ করে দিয়েছে কমিটি।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এ সভায় অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, খাদ্য সচিব ড. আইয়ূব মিয়া প্রমুখ।
সভায় অনুমোদিত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ৩০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে দুই টাকা মূল্যমানের ১৮ কোটি পিছ ধাতব মুদ্রা সংগ্রহ, খাদ্য অধিদপ্তরের সংগৃহিত খাদ্যশস্য বস্তাবন্দি করার জন্য ৫৪ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিছ বস্তা ক্রয়, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে স্টিল ব্রিজ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের জন্য ৫৩ লাখ ডলার ব্যয়ে চার হাজার মিটার পোর্টেবল স্টিল ব্রিজ ক্রয়।
এ ছাড়া 'উত্তরা আবাসিক শহর' দ্বিতীয় পর্বের জন্য সাতটি গ্র"পে ৫৩ কোটি ৬৩ লাখ টাকার মাটি ভরাট কাজের দরপত্র অনুমোদন ও টিএসপি সার উৎপাদনের জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় ওই সভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24