চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের সুবিধার্থে বুধবার নাগরিক অধিকার সনদ বা সিটিজেন চার্টার প্রকাশ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এই সনদে শুল্কায়ন পদ্ধতিসহ কাস্টমস হাউজের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে সিটিজেন চার্টার প্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কাস্টমস কমিশনার (আমদানি) মো. নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সনদ প্রকাশের ফলে কাস্টমস হাউজের কোথায় কী কাজ হয় এবং কোন কাজের জন্য কী ধরনের আনুষ্ঠানিকতা করতে হবে সহজেই জানা সম্ভব হবে।"
তিনি জানান, শুল্কায়নসহ আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কোন কোন কাগজ প্রয়োজন এবং প্রক্রিয়াটি সম্পন্ন করতে কতদিন লাগবে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে এ সনদে।
কাস্টমস হাউজ ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে এই চার্টার বিনামূল্যে বিতরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/জেকে/০০১০ ঘ.
bdnews24