ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমজমাট এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেখা, ঘোরা ও পছন্দের কাজটি শেষ করে দর্শনার্থীরা এবার মনোযোগ দিয়েছেন কেনাকাটার দিকে। তাই একদণ্ড ফুসরত নেই বিক্রেতাদের।
বুধবার মেলার ২৩ তম দিনে ঘুরে দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের প্রচুর ভিড়। বিক্রেতারা খুশি মনে জানালেন বেচাবিক্রও বেশ ভালো।
কাফরুল থেকে আসা গৃহিনী রোকসানা জানান, সংসারের প্রয়োজনীয় সামগ্রী কেনার কাজটি এবার সেরে ফেলতে চান। আগে দু'দিন মেলা ঘুরে গেছেন। দোকানে-দোকানে পছন্দ করে রাখা সামগ্রী এবার কেনার পালা।
রোকসানা বলেন, মেলায় বাজারের থেকে দাম কিছুটা কম। এছাড়া রয়েছে মূল্য ছাড়ের সুযোগ।
হোম টেক্সটাইলের বিক্রয় প্রতিনিধি মো. বেলাল জানান, এখন দেখার চেয়ে কিনতেই আসছেন মানুষজন। শুরুর প্রথম ১৫দিন দর্শনার্থীরা ঘুরতেই পছন্দ করেন। কিনতে শুরু করেন শেষের দিকে।
ধানমন্ডির আয়েশা সুলতানা বলেন, "শেষের দিকে অনেক কম দামে পণ্য কিনতে পাওয়া যায়। দোকানিরা এ সময় কম মুনাফায় বিক্রিতে উৎসাহী হন।"
বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বুধবার দুপুরে স্বপরিবারে বাণিজ্য মেলায় ঘুরে দেখেন। প্রায় সাত থেকে আটটি স্টল ঘোরার সময় দর্শনার্থীদের অভিযোগের কথা শুনেছেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "গতকাল (মঙ্গলবার) পর্যন্ত মেলা থেকে প্রায় ২০ লাখ টাকা কর এসেছে, যা গত বছরের তুলনায় অনেক বিশি। এবারই প্রথম মেলায় দুটি ডে কেয়ার সেন্টার চালু করা হয়েছে।"
এবারের মেলায় প্রায় ৪০ লাখ দর্শকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেলা উপলক্ষে এবারই প্রথম িি.িফরঃভবঢ়ন.পড়স নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এ সাইটে মেলা সম্পর্কিত সব ধরনের তথ্য পাবেন ক্রেতারা। প্রতিদিনের মেলার খবর আছে সেখানে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দোকানের নামসহ স্টল নম্বরও রয়েছে।
এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশের সঙ্গে কান্ট্রি পার্টনার থাইল্যান্ড।
মাসব্যাপী মেলায় স্থানীয় ৩৯৫টি ও সাতটি দেশের ১৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, জাপান ও তুরস্ক।
বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী-ক্রেতারা যেতে পারবেন সেখানে। তবে শুক্র ও শনিবার সকাল ১০ টা থেকে রাত ১০টা মেলা চলবে।
সেখানে প্রবেশ মূল্য বড়দের জন্য ১০ টাকা ও ছোটদের ৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এসএনডি/২২১৩ ঘ.
bdnews24