নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক কর্মকর্তার পিটুনিতে শ্রমিক আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার বিক্ষোভ ও ভাঙচুর করেছে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ডিএনভি ক্লোথিং গার্মেন্টসের শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ দোষী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
আহত শ্রমিক আকাশকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আকাশ অভিযোগ করেন, দুপুরে কারখানার নির্বাহী পরিচালক আরিফ খানের সামনে তার মোবাইল ফোন বেজে উঠলে এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ খান মালিকপক্ষের কয়েকজন কর্মচারীকে নিয়ে তাকে পেটাতে শুরু করে। এ সময় কারখানার শ্রমিক রানা, জামান ও আনোয়ার এর প্রতিবাদ জানালে তাদেরও মারধর করা হয়। এরপর শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসানউদ্দিন চৌধুরী বলেন, "সোমবার ডিএনভি ক্লোথিং গার্মেন্টসে মালিকপক্ষের লোকজন চার শ্রমিককে মারধর করলে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার দরজা জানালার কাচ ও কারখানার একটি জিপ ভাঙচুর করে।"
তিনি জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে নির্বাহী পরিচালকের বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশের মধ্যস্থতায় মালিক ও শ্রমিকদের মধ্যে বৈঠক হয়।
বৈঠকে কারখানার মহাব্যবস্থাপক আকবর আলী চৌধুরী শ্রমিক পেটানোর ঘটনায় নির্বাহী পরিচালক আরিফ খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বেলা তিনটার দিকে শ্রমিকরা শান্ত হয়।
গত জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়ার পর আদমজী পাটকলের তিনশ একর জমিতে ২০০৫ সালে আদমজী ইপিজেড গড়ে তোলা হয়। এই ইপিজেডের প্রথম চালু হওয়া গামেন্টস কারখানা হলো ডিএনভি ক্লোথিং। এ কারখানায় প্রায় আটশ শ্রমিক কাজ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০১৭ ঘ.
bdnews24