ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফমর্স কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান বলেছেন, "বর্তমানে দেশের অর্থনীতিতে যে খারাপ অবস্থা চলছে তা একটি অনির্বাচিত সরকারের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়।"
এ কারণেই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেয়ার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, "গত ১৫ বছর রাজনৈতিক সরকারের সময়ে চালের দাম মোটামুটি স্থিতিশীল ছিল। তাদের বিরুদ্ধে যতো অভিযোগই থাকুক, তাদের সময়ে চালের দাম এতো বাড়েনি।"
আকবর আলি খান আরো বলেন, "রাজনৈতিক ও অর্থনৈতিক জরুরি অবস্থার কারণে সামাজিক অসন্তোষ দেখা দিয়েছে। গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা সামাজিক অসন্তোষেরই একটি অংশ।"
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে 'দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও উত্তরণের পথ' শীর্ষক এক মতমিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি সংগঠন বাংলাদেশ র্ফার্স্ট: বাংলাদেশ ২০২৫ এই মতবিনিময় সভার অয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান বলেন, "বর্তমানে দেশের অর্থনীতিতে যে নাজুক পরিস্থিতি বিরাজ করছে তা একটা জরুরি অবস্থার মতোই। এ পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের উচিত সব রাজনৈতিক দলসহ দেশের সব মানুষের মতৈক্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। শুধু ওপর থেকে নির্দেশ দিয়ে দেশ পরিচালনা করলে তা মোটেও মঙ্গলজনক হবে না।"
যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আকবর আলি বলেন, নির্বাচনের ক্ষেত্রে এখন প্রধান প্রতিবন্ধক হচ্ছে একটি বৈধ বা নির্ভুল ভোটার তালিকা। এ ভোটার তালিকার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
তিনি আরো বলেন, এই অনির্বাচিত সরকার একটি বাজেট দিয়েছে। আরেকটি বাজেটও যদি অনির্বাচিত সরকার দেয় তাহলে দেশের অর্থনীতি বড় হুমকির মুখে পড়বে। এ কারণে সম্ভব হলে তাড়াতাড়ি ভোটার তালিকার কাজ শেষ করে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানান তিনি।
আকবর আলি খান বলেন, "নানা কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারে দাঁড়িয়েছে। কিন্তু আমরা দাম বাড়াতে পারছি না। এ কারণে বেশ কিছুদিন ধরে দেশের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। বেকার যুবকদের সংখ্যা বেড়েই চলেছে। পর পর দুই দফা বন্যা ও ঘুর্ণিঝড় সিডরের কারণেও অর্থনীতি বড় ধরনের সঙ্কটে পড়েছে।
মূল্যস্ফীতি এ যাবতকালের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, "ইতোমধ্যে মূল্যস্ফীতি ১১ শতাংশ ছাঁড়িয়ে গেছে। দেশে কৃষি উৎপাদন কমে যাওয়ায় খাদ্যপণ্যের আমদানি বেড়ে গেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দামও বেড়েছে।"
দীর্ঘদিন ধরে কৃষিখাতের দিকে নজর না দেওয়ায় এবং বিনিয়োগ না করায় বাজারে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "এ কারণে আমি দেশের দেড় কোটি অতি দরিদ্র মানুষকে (মোট জনসংখ্যার ১০ শতাংশ) একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহের প্রস্তাব করেছিলাম। চলতি অর্থবছরের বাজেটেও অর্থ উপদেষ্টা ৫০ লাখ দরিদ্র মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহের কথা বলেছেন। বর্তমান বাস্তবতায় আমি এ সংখ্যা বাড়িয়ে দেড় লাখ করার কথা বলেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, আমরা অনেক নীতি তৈরি করি, কিন্তু বাস্তবায়নের ব্যাপারে মনোযোগী হই না।"
ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
ড. কামাল বলেন, "জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জাতীয় ঐক্যমত দরকার। বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে জাতীয় সমঝোতা জরুরি হয়ে পড়েছে। দুই জরুরি অবস্থা (অর্থনৈতিক ও রাজনৈতিক) আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। বাইরে থেকে এসে কেউ কিছু করে দেবে না।"
সুলতানা কামাল বলেন, ''আমি অর্থনীতি তেমন বুঝি না। তবে দ্রবমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠেছে, এটা বুঝতে পারি। বিনিয়োগ কমে গেছে। জিডিপির প্রবৃদ্ধিও এবার কম হবে বলে সবাই পূর্বাভাস দিচ্ছে। ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। প্রাকৃতিক দর্যোগের কারণেও অর্থনীতি বড় ধরনের সঙ্কটে পড়েছে।''
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির ((বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জেকে/এমএ/১৯৩৬ ঘ.
bdnews24