ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা বেতন কাঠামোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয় নাকচ করে দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারিরা।
আইন মন্ত্রণালয় সুপারিশ করলেও প্রস্তাবটি বাতিল করে দেয় অর্থ মন্ত্রণালয়।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, "বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা আমাদের তুলনায় অনেক বেশি বেতন পায়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের বেতন কম হওয়ায় অভিজ্ঞ ও মেধাসম্পন্ন কর্মকর্তাদের মধ্যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে চলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে।"
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সালাহউদ্দীন আহমেদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর বলেন, "আমি এ বিষয়ে এ মুহূর্তে কিছু বলতে চাই না।"
গত সেপ্টেম্বরে আলাদা বেতন কাঠামোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবে বলা হয় এ অঞ্চলে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বতন্ত্র বেতন কাঠামো রয়েছে এবং তাদের বেতন বাংলাদেশ ব্যাংকের কর্মীদের চাইতে অনেক বেশি।
এ ব্যাপারে গত মাসে উপদেষ্টা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয় মন্তব্য করে, বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা বেতন কাঠামো গ্রহণ করা হলে সরকারের অন্যান্য বিভাগের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে। তাই তারা এ মুহূর্তে আলাদা বেতন কাঠামো অনুমোদনের বিরোধী।
প্রতিবেদনে বলা হয়, "এ ধরনের আলাদা বেতন কাঠামো অনুমোদন এ মুহূর্তে যৌক্তিক হবে না।"
মন্ত্রণালয় ওই প্রতিবেদনে জানায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিসহ ২৩টি নিয়ন্ত্রক সংস্থা নিজেদের কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এ মুহূর্তে শুধু বাংলাদেশ ব্যাংকে উচ্চতর বেতন কাঠামো অনুমোদন করা হলে বাকিদের মধ্যে হতাশা দেখা দেবে।"
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা বা উচ্চতর বেতন কাঠামো তৈরির বিষয়ে পে কমিশন যথাযথ নিদের্শনা দিতে পারবে।
মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে জানায়, বর্তমান বেতন ও প্রাপ্য সব সুবিধা অর্থে রূপান্তর করা হলে সামগ্রিকভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের বেতন সরকারের অন্যান্য খাতের বেতনের তুলনায় এখনও বেশি আছে।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এখনই একজন অতিরিক্ত সচিবের চেয়ে ২৫ দশমিক ৭৫ শতাংশ বেশি বেতন পাচ্ছেন। প্রস্তাবিত বেতন কাঠামো অনুমোদন করা হলে এটা বেড়ে ৬২ দশমিক ১৮ শতাংশ হবে। এছাড়া এই বেতন কাঠামোর জন্য সরকারকে বছরে অতিরিক্ত ৪০ কোটি টাকা ব্যয় করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসকে/২০২৩ঘ.
bdnews24