২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বাড়লেও পুঁজিবাজারে সূচক নেমেছে

যমুনা ও মেঘনার শেয়ারের প্রতি খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় প্রতিষ্ঠান দুটোর শেয়ারের দাম বাড়লেও সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার শেয়ার বাজারে দর পতন হয়েছে। এ দিন মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ ও ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ওপর ভর করে বাজারে লেনদেনের পরিমাণ যথেষ্ট বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যমুনা ও মেঘনার শেয়ারের প্রতি খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় প্রতিষ্ঠান দুটোর শেয়ারের দাম বাড়লেও সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার শেয়ার বাজারে দর পতন হয়েছে। এ দিন মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ ও ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ওপর ভর করে বাজারে লেনদেনের পরিমাণ যথেষ্ট বেড়েছে। রাষ্ট্রায়ত্ত দুটো তেল কোম্পানির শেয়ারই লেনদেনের তালিকায় শীর্ষে ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে যমুনার শেয়ার লেনদেন হয়েছে ৩৪ লাখ ৭ হাজার ৯০০টি এবং মেঘনার ১৯ লাখ ৬৬ হাজার ৮০০টি। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এক লাখ ৬৪ হাজার যমুনার শেয়ার ও ৫৫ হাজার ২০০টি মেঘনার শেয়ার লেনদেন হয়। ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "দেখা যাচ্ছে সবচেয়ে কম আকর্ষণীয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর শেয়ারই এখন বিনিয়োগকারীদের পছন্দের তালিকার শীর্ষে।" এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) 'জেড' শ্রেণীর শেয়ারের ওপর 'সার্কিট ব্রেকার' আরোপ করেছে যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এসইসি'র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই শ্রেণীর শেয়ারের দাম একটি নির্দিষ্ট সীমায় রাখতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সার্কিট ব্রেকার হলো একটি মূল্য নির্ধারণী ব্যবস্থা। আগের দিনের শেষে একটি শেয়ারের দামের সাপেক্ষে পরদিন ওই শেয়ারের দামের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দেওয়া হয় এ পদ্ধতিতে। ২০০২ সালের 'জেড' শ্রেণীর প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আদেশের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করে এসইসি। তিনি বলেন, "জেড শ্রেণীর প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের ব্যপারে এসইসি'র পদক্ষেপের পর সেগুলোর শেয়ারের দাম বেড়েছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১১ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ কমে ২৯৫১ দশমিক ৯০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমে হয়েছে ২৪৯০ দশমিক ২২ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৮ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে ২৪২৮ দশমিক ৩৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১১ কোটি টাকার এক কোটি ৫০ লাখ ২ হাজার ৮০৫টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত ছিল ৬টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা যমুনা অয়েল কোম্পানির শেয়ারের দাম ৫ দশমিক ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৭৯ টাকা ৫০ পয়সা। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ১৪ দশমিক ২০ শতাংশ বেড়ে ৩৪২ টাকা ৬০ পয়সা হয়। গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯১ টাকা ৮০ পয়সায় পৌঁছায়। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৭ শতাংশ কমে ২৭৯৮ টাকা ২৫ পয়সা হয়। আইএফআইসি ব্যাংকের শেয়ার এক দশমিক ৪৭ শতাংশ বেড়ে ২৮৫৫ টাকা ২৫ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, স্কয়ার ফার্মা ও ইসলামী ব্যাংকের শেয়ারের দামও কমেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২৮ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকার ২১ লাখ ২৯ হাজার ৭২০টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১০১টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫৭ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে ৭৫৮০ দশমিক ৬৫ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৭ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে হয়েছে ৪৮৭৫ দশমিক ৯৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪২ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ কমে ৬৮৬৬ দশমিক ৩৭ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১৮০১ঘ.