ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুন মাসের মধ্যে দেশের শীর্ষ মোবাইল ফোন সেবাদাতা গ্রামীণ ফোনের শেয়ার বাজারে আসছে।
বুধবার সকালে বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে।
গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার স্থানীয় বাজারে ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে উল্লিখিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারী নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র চেয়ারম্যান মেজর জেনারেল মনজুরুল আলম দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী 'কালবিলম্ব না করে' আগামী জুন মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির শেয়ার স্থানীয় বাজারে ছাড়ার কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুরোধে সাড়া দিয়ে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ আগামী জুন মাসের মধ্যেই শেয়ার ছাড়া সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্র"তি দেন।
বিটিআরসি'র কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংস্থাটির ভাইস চেয়ারম্যান এ এম এম রেজা-ই-রাব্বি, কমিশনার এসএম মুনির আহমেদ, গ্রামীণ ফোনের মালিক পক্ষ 'টেলিনর'এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পের এরিক হাইল্যান্ড ,'গ্রামীণ টেলিকম' এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, গ্রামীণের পরামর্শক সংস্থা সিটি ব্যাংক এনএ'র পক্ষে সাউথ এশিয়ান ইকুইটি ক্যাপিটাল মার্কেটের প্রধান রাতি কাপুর এবং কান্ট্রি অফিসার মামুন রশিদ উপস্থিত ছিলেন।
বৈঠকে পরামর্শক সংস্থা সিটি ব্যাংক এনএ কর্তৃপক্ষকে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে পরামর্শ করে ফেব্র"য়ারি মাসের মধ্যে প্রয়োজনীয় রূপরেখা এবং কাগজ পত্র তৈরি করার জন্য বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এসকে/১৯০০ঘ.
bdnews24