২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনের পতনের পর পুঁজিবাজারে চাঙ্গাভাব

পোর্টফোলিও পুনর্বিন্যাসে আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার কেনার দিকে ঝোঁকায় দুই দিনের দরপতনের পর বুধবার চাঙ্গাভাবে দিন শেষ করেছে পুঁজি বাজার। এদিন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানির শেয়ারের বিক্রি ভালো হলেও বীমা খাতের জন্য দিনটি ভালো কাটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোর্টফোলিও পুনর্বিন্যাসে আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার কেনার দিকে ঝোঁকায় দুই দিনের দরপতনের পর বুধবার চাঙ্গাভাবে দিন শেষ করেছে পুঁজি বাজার। এদিন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানির শেয়ারের বিক্রি ভালো হলেও বীমা খাতের জন্য দিনটি ভালো কাটেনি। বাজার বিশ্লেষকরা জানান, আগের দুই দিন শেয়ার বিক্রির প্রবণতা বেশি থাকলেও বুধবার খুচরা বিনিয়োগকারীরা নতুন শেয়ার কেনার প্রতি আগ্রহী হয়েছেন। পোর্টফোলিও পুনর্বিন্যাসের জন্য আগের পছন্দের শেয়ারগুলোর পরিবর্তে নতুন শেয়ার কিনছেন তারা। একটি মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনিয়োগকারীরা সোম ও মঙ্গলবার শেয়ার বিক্রি করে তহবিল তৈরি করেছেন। বুধবারের লেনদেনের অবস্থা দেখে মনে হচ্ছে, সাধারণত যেসব শেয়ারের বিক্রি বেশি সেগুলোর পরিবর্তে নতুন শেয়ার কিনছেন তারা।" এমইস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাইদ বলেন, "বুধবার বিনিয়োগকারীদের শেয়ার কেনার প্রতি আগ্রহ বেশি ছিল। গতানুগতিকের বাইরে নতুন কিছু শেয়ারের বিক্রি ভালো হয়েছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩১ দশমিক ৬৯ পয়েন্ট বা এক দশমিক ০৮ শতাংশ বেড়ে ২৯৬৩ দশমিক ৪৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৫ দশমিক ৪৫ পয়েন্ট বা এক দশমিক ০২ শতাংশ বেড়ে হয়েছে ২৫০৪ দশমিক ৩৮ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৭ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে ২৪৪৬ দশমিক ৭৬ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৭ কোটি টাকার ৯৪ লাখ ৬৬ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম ৪ দশমিক ২৯ শতাংশ বেড়ে হয়েছে ১৫৪৯ টাকা ২৫ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৮৬ টাকা ৮০ পয়সা হয়েছে। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২৮০৩ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। এদিকে যমুনা অয়েলের শেয়ারের দাম বুধবার ২০ দশমিক ৩০ শতাংশ বেড়ে হয়েছে ৩৬০ টাকা ৯০ পয়সা। মঙ্গলবারের ক্ষতি কাটিয়ে উঠে আইএফআইসি ব্যাংকের শেয়ার দশমিক ৯১ শতাংশ বেড়ে ২৮১৩ টাকা ৭৫ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ফিডালিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ও স্কয়ার ফার্মার শেয়ারর দামও বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল ফিডালিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ, মোনাফুড, পদ্মা সিমেন্ট, যমুনা অয়েল ও আল-আমিন কেমিক্যালস। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, প্রগ্রেসিভ রাইফ ইন্সুরেন্স ও গ্লোবাল ইন্সুরেন্স। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এ বাজারে ১৮ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার টাকার ৩১ লাখ ৯২ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৪টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫০ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৭৬৩৮ দশমিক ৩৬ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩৩ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৯০৩ দশমিক ৩৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৫ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে ৬৯০৮ দশমিক ৩৭ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৮৩০ ঘ.