ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকমতো বেতন-ভাতা ও বকেয়া পাওনা এবং 'বিনা নোটিশে' ছাঁটাই বন্ধের দাবিতে সোমবার রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর বন্ধ করতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে। আন্দোলনরত এমবিএম গার্মেন্টসের শ্রমিকরা বিকেলে পাশের ওপেক্স গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে বললে তারা অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকরা ওপেক্সে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপুর তিনটা থেকে থেমে থেমে পুলিশ ও শ্রমিক এবং শ্রমিক বনাম শ্রমিক সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ সহ কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। রাত পৌনে ১০টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। (আরো তথ্যসহ-২)
এমবিএম-এর দুই শ্রমিককে হত্যা করে লাশ ওপেক্সে গুম করে রাখার গুঞ্জনে সন্ধ্যায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," দুপুর তিনটার দিকে বিভিন্ন দাবিতে প্রথমে এমবিএম গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নামে। পরে তারা পার্শ্ববর্তী ওপেক্স গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে নামতে আহ্বান জানায়। কিন্তু ওপেক্সের শ্রমিকরা আন্দোলনে যোগ দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।"
এমবিএম-এর কয়েকজন শ্রমিক জানান, বেতন-ভাতা বৃদ্ধি, বিনা নোটিশে ছাঁটাই বন্ধ এবং টিফিনের মানোন্নয়নসহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছিল। মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের কয়েক দফা বৈঠকও হয়। বৈঠকের ফলাফল শ্রমিকদের রোববার জানানোর কথা ছিল। শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেওয়ার সময় বৈঠকের ফলাফল সম্পর্কে জানতে চায়। কিন্তু বৈঠকে কোন সমঝোতা হয়নি বলে প্রতিনিধিরা জানালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুরে টিফিনের সময় নিজেদের মধ্যে আলোচনা করে সাধারণ শ্রমিকরা তিনটার দিকে মিছিল নিয়ে পুলিশ স্টাফ কলেজের সামনে সড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আশেপাশের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকও তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়।
এমবিএম গার্মেন্টসের শ্রমিকরাও কয়েকটি গার্মেন্টস থেকে শ্রমিকদের বের করে আনে। এরপর এমবিএম-এর একদল শ্রমিক প্রায় আধ কিলোমিটার দূরে ওপেক্স গার্মেন্টেসে গিয়ে ওই কারখানার শ্রমিকদেরও আন্দোলন যোগ দিতে বলে। কিন্তু ওপেক্সের শ্রমিকরা যোগ না দিলে তারা ওপেক্স লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এরপর এমবিএম গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে ওপেক্স গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ বাধে। পরে সাড়ে চারটার দিকে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ এসে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এভাবে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।
জানা গেছে, এরই একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে যে, এমবিএম গার্মেন্টসের দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করে লাশ ওপেক্স গার্মেন্টসের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এ খবরে সংঘর্ষ পুরো কচুক্ষেত এলাকায় ছড়িয়ে পড়ে। মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে কচুক্ষেত পর্যন্ত রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট।
পুলিশের টিয়ারশেলের আঘাতে আহত এমবিএম কর্মী শেফালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দুজন শ্রমিকের লাশ ওপেক্সের মধ্যে গুম করে রাখা হয়েছে। লাশ উদ্ধারের জন্য আমরা সেখানে গেলে পুলিশ আমাদের ওপর নির্বিচারে টিয়ারশেল ও লাঠিচার্জ করে।"
তিনি নিহত এক শ্রমিকের নাম বাবুল দাবি করলেও অপর শ্রমিকের নাম বলতে পারেননি।
এমবিএম-এর আরেক কর্মী মাহবুব বলেন, "ওপেক্সের শ্রমিকদের আমাদের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানালে তারা আমাদের উপর উল্টো হামলা চালায়। এ সময় তারা আমাদের দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করে লাশ ওপেক্সের ভেতরে লুকিয়ে রাখে। দুই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আরো অনেকগুলো গার্মেন্টসের শ্রমিকরাও আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়।"
এদিকে এমবিএম গার্মেন্টসের শ্রমিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মালিকপক্ষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিকেল পাঁচটা থেকে কারখানার দশমতলায় বৈঠকে বসেন। প্রায় আড়াই ঘন্টা বৈঠক শেষে সাতটা ২০ মিনিটে তারা একটি সমঝোতায় পৌঁছান।
বৈঠকে অংশ নেওয়া পুলিশের মিরপুর অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন সন্ধ্যা সাড়ে সাতটায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের সঙ্গে আলোচনায় একটি সমাধান হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তিও হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার মধ্যে চারটি বিষয়ে রোববার বিজিএমইএর সঙ্গে বৈঠকে আগেই সমঝোতা হয়েছিল। শ্রমিকরা তা মেনে নিয়েছে।"
তিনি বলেন, সমঝোতা হওয়ার চারটি বিষয় হল: "একটানা ১০ বছর চাকরি করলে পেনশন প্রদান, শ্রম আইন বাস্তবায়ন করা হচ্ছে কি না পর্যবেক্ষণের জন্য সবপক্ষকে নিয়ে একটি কমিটি গঠন, শ্রম আইন অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা প্রদান এবং কারখানার কোন কর্মকর্তা-শ্রমিক আইনবর্হিভূত কাজ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ। বাদবাকি বিষয়গুলো নিয়ে আগামীকাল (মঙ্গলবার) সকাল আটটায় কারাখানা চত্বরে আবার বৈঠকে বসা হবে। ওই বৈঠকে কারখানার মালিক মাহমুদুর রহমান, বিজিএমইএ, শ্রম মন্ত্রালয়ের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।"
আনোয়ার হোসেন বলেন, "বৈঠকে অংশ নেওয়া ছয় শ্রমিক প্রতিনিধি এখন ওপেক্স কারাখানা পরিদর্শন করে দেখবেন সেখানে কোন শ্রমিকের লাশ আসলেই লুকিয়ে রাখা হয়েছে কি না। পরিদর্শন শেষে তারা ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে যার যার ঘরে ফিরে যাবে।"
কিন্তু ওপেক্স কারখানা ঘুরে এসে ছয় শ্রমিকের প্রতিনিধি দলটি রাত সাড়ে আটটার দিকে আন্দোলনরত শ্রমিকদের সামনে 'সেখানে কোন লাশ লুকিয়ে রাখা হয়নি' ঘোষণা দেওয়ামাত্র শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। শ্রমিকরা ওই ছয়জনকে দালাল আখ্যা দিয়ে তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে। আত্মরক্ষার্থে ওই ছয় শ্রমিক ওপেক্স গার্মেন্টসের ভেতরে অবস্থান নেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়লে আবারো সংঘর্ষ শুরু হয়। রাত পৌনে ১০টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
রাত পৌনে ১০টায় ছয় শ্রমিক প্রতিনিধি কড়া পুলিশ পাহারায় আন্দোলনরত শ্রমিকদের সামনে ফের হাজির হয়ে কয়েকটি বিষয়ে সমঝোতা হওয়ার কথা ঘোষণা করে। আগামীকাল সকাল আটটায় আবার আলোচনায় বসে বাদবাকি বিষয়গুলোও সমাধান করা হবে জানিয়ে তারা শ্রমিকদের বাসায় ফিরে যেতে অনুরোধ করেন। এরপর শ্রমিকরা একে একে সেখান থেকে সরে গেলে রাত ১০টার দিকে ওই সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, সংঘর্ষে কমপক্ষে ২৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপেটায় কয়েকজন সাংবাদিক এবং টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানও আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চ্যানেল ওয়ানের ক্যামেরামেন ওয়ালিদ খান দিপু পুলিশের লাঠিপেটায় আহত হন। লাঠির আঘাতে তার ক্যামেরাটিও ভেঙে যায়। তাকে পেটানোর সময় ওই চ্যানেলের প্রতিবেদক মাসুম মাহবুব বাধা দিলে পুলিশ তাকেও মারধর করে। রাত সাড়ে আটটার দিকে এনটিভির ক্যামেরাম্যান সোহাগকেও পুলিশ লাটিপেটা করে।
এদিকে ওপেক্সের পরিচালক (অর্থ) নুরুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "দুই শ্রমিকের লাশ গুম করার বিষয়টি গুজব। এছাড়া আমার কারখানার কোন শ্রমিক এমবিএম এর শ্রমিকদের উপর উপর হামলা চালায়নি। একটি গোষ্টি পরিকল্পিতভাবে এশিয়ার অন্যতম বৃহৎ এই ওপেক্স গার্মেন্টসটি ধংসের চেষ্টা চালাচ্ছে।"
সোমবারের এই বিক্ষোভ নিয়ে মিরপুর এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটল। শ্যাওড়াপাড়ার এসকিউ গার্মেন্টসের শ্রমিকরা গত ২ জানুয়ারি সর্বপ্রথম আন্দোলন শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এমএইচবি/২৩২৯ ঘ.
bdnews24