২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে প্রথম দিনেই হোঁচট খেল মেঘনার শেয়ার

বাজারে প্রবেশের প্রথম দিনে বিনিয়োগকারীদের মধ্যে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি রাষ্ট্রায়ত্ত মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার। সোমবার নিস্তরঙ্গ বাজারে লেনদেনে ভাটা পড়ায় স্বাভাবিকভাবে হয়েছে দরপতন। দিনের শুরুতে সাধারণ সূচকের পতন হয়। এর পর কিছুটা সময় সূচক স্থিতিশীল থাকলেও মাঝবেলার পর আবার তা নেমে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে প্রবেশের প্রথম দিনে বিনিয়োগকারীদের মধ্যে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি রাষ্ট্রায়ত্ত মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার। সোমবার নিস্তরঙ্গ বাজারে লেনদেনে ভাটা পড়ায় স্বাভাবিকভাবে হয়েছে দরপতন। দিনের শুরুতে সাধারণ সূচকের পতন হয়। এর পর কিছুটা সময় সূচক স্থিতিশীল থাকলেও মাঝবেলার পর আবার তা নেমে যায়। যমুনার শেয়ার বাজারে ছাড়ার প্রথম দিনেই যথেষ্ঠ তহবিল তৈরি করতে পারলেও মেঘনা সেভাবে তহবিল করতে পারেনি। প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে মেঘনার মাত্র ১৫ হাজার ৭০০ শেয়ার বিক্রি হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিক্রির পরিমাণ ছিল ১১ হাজার ২০০। ডিএসইতে দিনের শুরুতে শেয়ারের দাম ৩৫০ টাকায় উঠলেও দিন শেষে তা ৩০০ টাকায় নেমে আসে। সিএসইতে প্রথম দফায় ৩২৭ টাকা ৫০ পয়সা দাম উঠলেও পরে ৩০০ টাকায় দিন শেষ করে মেঘনার শেয়ার। সোমবার ডিএসইতে রাষ্ট্রায়ত্ত দুটি তেল কোম্পানির শেয়ারই শীর্ষ ক্ষতিগ্রস্তদের তালিকায় লেনদেন শেষ করে। পুঁজিবাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "মনে হচ্ছে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছেন। সোমবার মিউচুয়াল ফান্ড, ওষুধ ও জ্বালানি খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল। তবে লভ্যাংশ তুলে নেওয়ার কারণে ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমেছে। আগের দিন ব্যাংকিং খাতের শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতায় ডিজিইএন সূচক তিন হাজার পয়েন্ট সীমা অতিক্রম করে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭৫ দশমিক ৭৬ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ কমে ২৯৩৯ দশমিক ২২ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ কমে হয়েছে ২৪৮৪ দশমিক ২৫ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৬ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ কমে ২৪৩১ দশমিক ০২ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭৪ কোটি টাকার এক কোটি ৩৮ লাখ ২০ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা গ্রামীণ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৩ দশমিক ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ৮৬ টাকা। এবি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৫৩ শতাংশ কমে ২৮৩৫ টাকা হয়। আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৭ শতাংশ কমে ২৮৩০ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। ইউসিবিএল এর শেয়ারের দাম এক দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৪৮৫৭ টাকা ২৫ পয়সা হয়। যমুনা অয়েলের শেয়ার ৪৩ দশমিক ৪০ শতাংশ কমে ২৯৯ টাকা ৯০ পয়সা হয়েছে। এছাড়া সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারের দামও কমেছে। তবে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল রাসপিট ইনকরপোরেশন, গ্রামীণ বাংলা ফুডস, ফাইন ফুডস, বেঙ্গল বিস্কুট ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল কোম্পানি, বিডি অটো কারস ও মেট্রো স্পিনিং। সিরামিক, তথ্য প্রযুক্তি ও খাদ্য প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকার ৪২ লাখ ৯৭ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭৩টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫৯ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে ৭৬০৪ দশমিক ৩২ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪২ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে হয়েছে ৪৮৮৩ দশমিক ৬১ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬১ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ কমে ৬৮৮৮ দশমিক ৯৪ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/