চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় করদাতাদের দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরী। কর কর্মকর্তা ও কর আদায়কারীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার চটগ্রামে কর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় খায়রুজ্জামান চৌধুরী বলেন, "৮০ শতাংশ ছোট করদাতাদের তুলনায় অনেক বেশি কর দিচ্ছে ২০ শতাংশ বড় করদাতা। তাই তাদের দিকে বেশি নজর দিতে হবে।"
কর গ্রহণের পদ্ধতি সহজ করা এবং ক্ষমতা থাকলেই তা প্রয়োগ না করার জন্যও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
খায়েরুজ্জামান একইসঙ্গে বলেন, "কর আদায়ের সময় শুধু করদাতাই নয়, করগ্রহীতা কর্মকর্তারাও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ আসছে। দেশের স্বার্থেই এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে।"
আইনগত সমস্যা সহজে নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংক্ষুব্ধ কর দাতারা যাতে আদালতে না গিয়ে সহজে সমস্যার সমাধানে পৌঁছাতে পারেন সে জন্য কর ন্যায়পাল কাজ করছে।
কর ন্যায়পাল বলেন, "কর আদায়ে বিভিন্ন ধরনের জটিলতার সহজেই নিরসন করতে কাজ করছে কর ন্যায়পাল। দেড় বছর আগে দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৪০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আরও ১০টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।"
চট্টগ্রামে কর ন্যায়পালের কার্যালয় স্থাপন সংক্রান্ত এ প্রশ্নের জবাবে খায়রুজ্জামান চৌধুরী জানান, সব বিভাগে কার্যালয় স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে।
দেশের প্রথম কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরীর দুই দিনের চট্টগ্রাম সফরের প্রথম দিন আগ্রাবাদের কর কার্যালয়ে ওই মতবিনিময় সভায় কর ন্যায়পালের উপদেষ্টা এ এস জহির আহমেদ ও ড. রশিদুল আহসান চৌধুরী, কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক ও রুস্তম আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
সফরের শেষদিন মঙ্গলবার চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এবং কর আইনজীবী সমিতির সঙ্গে খায়রুজ্জামান চৌধুরীর মতবিনিময়ের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24