চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তিন দিনব্যাপী দ্বিতীয় রিহ্যাব আবাসন মেলা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এবারের মেলায় স্লোাগান রাখা হয়েছে 'আসব, দেখব, কিনব'।
চট্টগ্রামবাসীর আর্থিক সামর্থ্যের দিকটি বিবেচনায় রেখে দ্বিতীয় বারের মতো আবাসন মেলার আয়োজন করা হয়েছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা। রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টার এ মেলার আয়োজন করছে।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির আহ্বায়ক ও ইক্যুইটি প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক।
তিনি জানান, মেলায় ৪৫টি স্টলে ঢাকা ও চট্টগ্রামের ৪১টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দুইশ প্রকল্প, দুই হাজার ফ্ল্যাট ও অসংখ্য প্লট নিয়ে অংশ নিচ্ছে।
আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় মেলা উদ্বোধন হবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
সংবাদ সম্মেলনে মেলা কমিটির যুগ্ম আহবায়ক মোফাখ্খারুল ইসলাম খসরু, প্রকৌশলী ইফতেখার হোসেন, প্রকৌশলী এমতাজুল ইসলাম, সুমল কান্তি সেনগুপ্ত, এস এম আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৮১৮ ঘ.
bdnews24