ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানির শেয়ার বুধবার বাজারে আসায় আগ্রহ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ব্যাংকিং, বীমা, ওষুধ, মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দামও বেড়েছে এ দিন। সব মিলিয়ে চাঙা ছিল পুঁজিবাজার।
ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান জানান, যমুনার শেয়ার বাজারে আসায় নতুন বছরে প্রথমবারের মতো পূর্ণোদ্যমে লেনদেন হয়েছে।
তিনি বলেন, "বছরের শুরু থেকে বিনিয়োগকারীরা যমুনা ও মেঘনার শেয়ার কেনার জন্য তহবিল করছিলেন। এর ফলে বাজার কিছুটা নিস্তেজ ছিল। তবে এখন বাজার জমে উঠছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪২ দশমিক ৩৩ পয়েন্ট বা এক দশমিক ৪৩ শতাংশ বেড়ে ২৯৮৯ দশমিক ৩৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৪ দশমিক ৮৫ পয়েন্ট বা এক দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ২৫১৭ দশমিক ২৮ পয়েন্ট।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৬ কোটি টাকার ৯০ লাখ ৮৪ হাজার ১৪১টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ২৭৪২ টাকা। আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৯ শতাংশ বেড়ে ২৬৩৭ টাকা ৫০ পয়সা হয়।
স্পট মার্কেটে লেনদেনকারী যমুনা অয়েল কোম্পানির শেয়ারের দাম বেড়ে বাজারে প্রবেশের প্রথম দিনেই ৬০০ টাকায় পৌঁছায়।
স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ১৩ শতাংশ বেড়ে ৩৫৯৩ টাকা ৭৫ পয়সা হয়। গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৭৯ টাকা ৩০ পয়সা হয়েছে। এছাড়া কেয়া কসমেটিকস, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, ইউসিবিএল, বিওসি বাংলাদেশ ও সামিট পাওয়ারের শেয়ারের দামও বেড়েছে।
তথ্য প্রযুক্তি, চামড়া ও জুতা এবং বিবিধ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২৩ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকার ২৮ লাখ ৩৯ হাজার ৩৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯৬ দশমিক ৮৭ পয়েন্ট বা এক দশমিক ২৯ শতাংশ বেড়ে ৭৫৮৮ দশমিক ৪৮ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬৭ দশমিক ৩৯ পয়েন্ট বা এক দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৭২ দশমিক ৮৬ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৯২ দশমিক ৮৩ পয়েন্ট বা এক দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৬৮৮৮ দশমিক ২৮ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/এসকে/২০৫৫ঘ.
bdnews24