ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় গ্রিডে আরো ২৭০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দিতে সাতটি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট (আরপিপি) স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে সরকার।
রোববার অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরের ১২০ দিনের মধ্যে জাতীয় গ্রিডে আরো ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভোলা, বগুড়া, ভেড়ামারা, ফেঞ্চুগঞ্জ, খুলনা, শাহজিবাজার ও কুমারগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হবে।"
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের প্রস্তাব পর্যালোচনা কমিটি এনার্জি প্রিমা, আলস্টোম পাওয়ার কোম্পানি, কালটিমেক্স, জিবিবি পাওয়ার ও অ্যাগ্রিকো এই পাঁচটি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে।
পাওয়ার সেল এর মহাপরিচালক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুতের দামের বিষয়টি এখনও নির্দিষ্ট করা হয়নি। এ ব্যাপারে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলতে পারছি না।" তবে প্রতিটা কেন্দ্রের বিদ্যুতের দাম আলাদা হবে বলে জানান তিনি।
এছাড়া ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ৭৩ কোটি ৯০ লাখ টাকার ২৫ হাজার টন মোটা চাল ও ১৪৬ কোটি টাকার ৫০ হাজার টন আতপ চাল কেনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা জানান, এক্ষেত্রে আতপ চালের জন্য টন প্রতি ৩৮৭ ডলার দরে ও মোটা চালের জন্য টন প্রতি ৩৯৭ ডলার দরে খোলা দরপত্র আহ্বানের মাধ্যমে চাল কেনা হবে।
এছাড়া ২০০৮ এর জানুয়ারি-জুন সময়ে কুয়েত পেট্রোলিয়াম থেকে জ্বালানি তেল আমদানির প্রিমিয়াম পুননির্ধারণ করেছে কমিটি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডিজেল ও কেরোসিনের জন্য ৫ দশমিক ৩৫ শতাংশ প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য প্রস্তাবের মধ্যে ধামরাইয়ে ২৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ বেতারের একটি নতুন ট্রান্সমিটার বসানোর প্রস্তাব, চরাঞ্চলে ৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে কৃষি উন্নয়ন প্রকল্পে আন্তর্জাতিক তহবিল সংগ্রহের জন্য একটি পরামর্শক সংস্থা নিয়োগের প্রস্তাব ও ৪০ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সারকারি অর্থায়নে কুমিল্লার পাঁচটি উপজেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে দরপত্র আহ্বানের প্রস্তাব কমিটির বৈঠকে অনুমোদন করা হয়।
এছাড়া ১২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উত্তরা মডেল টাউনের তৃতীয় পর্যায়ের ভূূমি উন্নয়নের বিষয়টিও ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে অনুমোদন পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএ/১৯০২ঘ.
bdnews24