ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইকারি বাজারে ভোজ্য তেলের দাম কমলেও খুচরা দাম বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা। এর কারণ অনুসন্ধানের জন্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।
ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদ এ নির্দেশ দেন। সভায় ভোজ্য তেল ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সচিব ফিরোজ আহম্মেদ পরে সাংবাদিকদের বলেন, "পাইকারি বাজারে ভোজ্য তেলের দাম মনপ্রতি ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এ অবস্থায় খুচরা বাজারে দাম বাড়ার বিষয়টি অস্বাভাবিক।"
তেলের দাম সহনশীল রাখতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সভায় প্রতি সপ্তাহে ভোজ্য তেলের পাইকারি ও খুচরা দাম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশের সিদ্ধান্ত হয়।
বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম, যুগ্ম-সচিব মোহাম্মদ আলী পাটোয়ারী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মসরুর আহমেদ, টিসিবির পরিচালক মোখলেসুর রহমান, ভেজিটেবল ওয়েল রিফাইনারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী ও তেল আমদানিকারক প্রতিষ্ঠান টিকে গ্র"প, মেঘনা গ্র"প, সিটি গ্র"প ও এস এ অয়েলসহ ভোজ্য তেল ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ব্যবসায়ী নেতা এম এ রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, "রিফাইনারি মিল গেটে প্রতি কেজি ভোজ্য তেলের দাম ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মুহূর্তে দেশে ভোজ্য তেলের কোনো সঙ্কট নেই। আমদানিও সন্তোষজনক। তাই বাজারে দাম বেড়ে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকারি বিক্রেতাদের কিছু করার নেই জানিয়ে তিনি বলেন, "সরকারকেই মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।"
তিনি জানান, তেলের আমদানি ও মজুদ বাড়ানোর জন্য এলজি মার্জিনের পাঁচ থেকে ১০ শতাংশ জামানতের টাকা সরকারকে দ্রুত ছাড় করতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে তেল আমদানির বিষয়ে একযোগে কাজও করতে হবে।
রউফ চৌধুরী বলেন, "বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি তেলের দাম পড়ছে প্রায় ৭৪ টাকা। আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনার হন্য ব্যয় হচ্ছে আরও ছয় থেকে সাত টাকা। এছাড়াও ভ্যাট বাবদ সরকারকে দিতে হয় ১০ থেকে ১২ টাকা। এক্ষেত্রে সরকারের কিছু করার আছে কিনা তা বিবেচনা করা যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৮২৬ঘ.
bdnews24