ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ রাজস্ব আদায় বেড়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এ সময় প্রায় ৭৫০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।
শনিবার সন্ধ্যায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, ২০০৭-০৮ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ১৬ হাজার ১০৪ কোটি টাকা রাজস্ব এসেছে। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৩৫৬ কোটি টাকা।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয় হয়েছিল ১২ হাজার ৯১২ কোটি টাকা। এ সময়ে ভ্যাট খাতে ৬ হাজার ১৫৪ কোটি টাকা এবং আমদানি শুল্ক, সম্পুরক শুল্ক ,আবগারি শুল্ক ও টার্নওভার ট্যাক্স খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ৬ হাজার ৪৯৭ কোটি টাকা। এছাড়া, আয়কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ২৫১ কোটি টাকা।
নানা প্রতিকূলতার পরও রাজস্ব আদায় বাড়ার কারণ হিসেবে এনবিআর চেয়ারম্যান দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের নানামুখী সংস্কারের কথা উল্লেখ করেন।
তিনি বলেন,"এ কথা বলার অপেক্ষা রাখে না দেশের অর্থনীতিতে ক্রান্তিকাল চলছে। এ পরিস্থিতিতে রাজস্ব আহরণের ২৫ শতাংশ বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।"
প্রসঙ্গত, চলতি অর্থবছরে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩ হাজার ৮৫০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২৩৩৮ঘ.
bdnews24