ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। একমাস আগে বিমান কর্তৃপক্ষ এই প্রস্তাব পেলেও সংস্থার পরিচালনা পর্ষদ এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্তই গ্রহণ করেনি।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "পরিচালনা পর্ষদ এখনও বোয়িং কোম্পানির কাছ থেকে চারটি উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে উড়োজাহাজ বিক্রির প্রস্তাবটি এখনো বহাল আছে।"
"বিমানকে বাঁচাতে হলে জরুরীভিত্তিতে নতুন ধরনের উড়োজাহাজ এর বহরে সংযোজন করা প্রয়োজন" বলে মন্তব্য করেন এমএ মোমেন।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিখ্যাত উড়োজাহাজ নির্মাণ সংস্থা বোয়িং কোম্পানির একটি প্রতিনিধি দল বিমানের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর বাংলাদেশে এসে ১২ টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিলে বিমান এর মধ্যে চারটি প্রস্তাব গ্রহণ করে।
নতুন ও পুরোনো উড়োজাহাজ মিলিয়ে বোয়িং কোম্পানি বিমানকে যে ১২ টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয়, এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ৭৮৭ ও ৭৭৭ মডেল। অন্যান্য উড়োজাহাজের তুলনায় বোয়িং - ৭৮৭ এর জ্বালানি খরচ খুবই কম। বিমানকে তারা জানিয়েছে, প্রস্তাবে সাড়া দিলে ২০১১ সাল নাগাদ তারা উড়োজাহাজগুলো সরবরাহ করতে সক্ষম।
বিমান সূত্র জানায়, বোয়িং কোম্পানির ওই প্রস্তাবনার বিষয়ে ২৮ নভেম্বর রাতেই সংস্থার পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে বসে। তবে এতে উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর পরে একমাসেও পর্ষদ এ নিয়ে আর কোনো বৈঠকও করেনি। বিমানের ক্রয় সংক্রান্ত কমিটির মতামতের পরেই নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, মাস পাঁচেক আগে বিমান চারটি সুপরিসর উড়োজাহাজ ইজারার মাধ্যমে কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিলো। তবে আশাবাঞ্জক সাড়া না পাওয়া যাওয়ায় তারা এখন সরাসরি উড়োজাহাজ নির্মাতা সংস্থার সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। বিমানের পরিকল্পনায় রয়েছে, ব্যাংক ঋণের মাধ্যমে নতুন উড়োজাহাজ কিনে পর্যায়ক্রমে পুরনো উড়োজাহাজগুলোকে বিক্রি করা।
একটি সূত্র মতে, বিমানের পাঁচটি ডিসি - ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ - ২৮ উড়োজাহাজ অন্তত ১৫ থেকে ২৫ বছরের পুরনো হওয়ায় প্রায়ই এগুলো ছোটখাট যান্ত্রিক ত্র"টির কারণে বিকল হয়ে পড়ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৪৩৯ ঘ.
bdnews24