ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরের শুরুতেই পুঁজি বাজারে প্রবেশ করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর শেয়ার। যমুনার শেয়ার ৯ জানুয়ারি এবং মেঘনার শেয়ার ১৪ জানুয়ারি বাজারে আসবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে ডিএসই ও ওই প্রতিষ্ঠান দুটির মধ্যে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ডিএসই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
যমুনা অয়েল কোম্পানি ১০ টাকা দামের এক কোটি ৩৫ লাখ সাধারণ শেয়ার ছাড়ার মাধ্যমে সাড়ে ১৩ কোটি টাকার তহবিল তৈরি করবে। আর একই দামে ১২ লাখ সাধারণ শেয়ার ছাড়ার মাধ্যমে ১২ কোটি টাকার তহবিল তৈরি করবে মেঘনা পেট্রোলিয়াম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন আরও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাণিজ্য সচিব মোহাম্মদ মোহসিন জানান, আগামী ছয় মাসে তার মন্ত্রণালয়ের অধীন আরও প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আসবে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী জানান, গত বছর শেয়ার বাজার ভালো একটি সময় পার করেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান আহমাদ রশীদ লালী, পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ এবং আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লালী জানান, দ্রুত তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির শেয়ারও বাজারে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২২৩৬ ঘ.
bdnews24