ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা অনুযায়ী প্লট না পেয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ না করে অন্য দেশে চলে যাচ্ছে। এ পরিস্থিতিতে আরও দুটি ইপিজেড স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
বেপজা'র নির্বাহী চেয়ারম্যান বিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা জানান।
ধানমন্ডির বেপজা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, চলতি ২০০৭-০৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ইপিজেডে ১৩৫ শতাংশ বিনিয়োগ বেড়েছে।
বেপজা'র নির্বাহী চেয়ারম্যান বলেন, "নতুন বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী প্লট বরাদ্দ করতে না পারায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ না করে অন্য দেশে চলে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশে কমপক্ষে আরও দুটি ইপিজেড স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।"
ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরে দুটি নতুন ইপিজেড স্থাপনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, "বেপজার আটটি ইপিজেডের মধ্যে পাঁচটিতে ৯৯ শতাংশ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে নতুন শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়ার মতো জায়গা খালি নেই। কিন্তু চীন, শ্রীলঙ্কা, তাইওয়ান, কানাডা, হংকং, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু বিনিয়োগকারী দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।"
বেপজা চেয়ারম্যান পরিসংখ্যান দিয়ে বলেন, ২০০৭-০৮ অর্থবছরের ছয় মাসে ইপিজেডে মোট ১২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে। ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরে এ সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ৩৮ দশমিক ১৩ ও ৫৫ দশমিক ১৮ মিলিয়ন ডলার।
তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ইপিজেডে রপ্তানির পরিমাণ হচ্ছে এক হাজার ৭৬ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরে একই সময়ে রপ্তানি ছিল ৮৭০ দশমিক ৩১ ও ১০১৫ দশমিক ৮৬ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১২৫ ঘ.
bdnews24