ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের লাগামহীন দাম বাড়ার প্রবণতা বৃহস্পতিবার থমকে ছিল রাজধানীর বাজারে। বুধবারের দামেই এদিন বিক্রি চলেছে। তবে দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মোকাম বা আড়ত থেকে চাল কেনা আপাতত বন্ধ রেখেছেন পাইকারি ব্যবসায়ীরা। আগে কেনা চালই তারা বিক্রি করছেন। বেশি দামে কেনার পর হঠাৎ দাম কমে লোকসান হতে পারে-এমন আশঙ্কা রয়েছে তাদের মধ্যে।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি ব্যবসায়ীরা চাহিদামতো চাল দিচ্ছে না। সঙ্কটের অজুহাতে পাইকারি ব্যবসায়ীরা মজুদ করছে বলেও অভিযোগ করেছেন তারা।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের বেড়ে যাওয়া দামেই সব চাল বিক্রি হচ্ছে।
হাতিরপুল বাজারে ভালো মানের প্রতি কেজি মিনিকেট সরু চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকায়। নাজিরশাইল চাল পাওয়া যাচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। পাইজাম চালের কেজি ৩৫ টাকা। মোটা চাল ইরি গুটি বিক্রি হচ্ছে ৩৩ টাকায়।
সপ্তাহ খানেক আগেও এ বাজারে মিনিকেট চাল ৩৬ থেকে ৩৮ টাকা, নাজিরশাইল ৩৮ থেকে ৪০ টাকা, পাইজাম ২৮ থেকে ৩০ টাকা এবং মোটা পারি ও গুটি চাল ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হয়েছে।
হঠাৎ করে চালের দাম বাড়ার বিষয়ে হাতিরপুল বাজারের ফারুক জেনালের স্টোরের মালিক ফারুক আহম্মেদ বলেন, ''বাবু বাজার-মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চাল নেই। সে কারণেই দাম বাড়ছে।''
ভাই ভাই জেনারেল স্টোরের জাহাঙ্গীর হোসেন বলেন, ''চালের বাজার থমকে আছে। বেচা-বিক্রি কমে গেছে। আগের মতো ক্রেতা নেই। পাইকারি ব্যবসায়ীরাও চাহিদামতো চাল দিচ্ছেন না। ১০ বস্তা চাইলে দিচ্ছেন চার থেকে পাঁচ বস্তা।''
কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ী চাটখিল রাইস এজেন্সির মালিক বেলাল হোসেন বলেন, ''আমরা বাজার পর্যবেক্ষণ করছি। দেখা যাক কী হয়। চালের দাম কমাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দাম কমে গেলে আমাদের অনেক লোকসান হবে। তাই এ মুহূর্তে আমরা মোকাম থেকে চাল আনছি না। আগে যা কেনা ছিল সেগুলোই বিক্রি করছি।''
পারটেক্স গ্র"পের মেকানিক্যাল ফোরম্যান ফোরকান আহমেদ বাজার করতে এসেছিলেন কারওয়ান বাজারে। চালসহ বাজারে সব জিনিসের চড়া দামে ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ''দ্রব্যমূল্য বাড়ায় প্রতিদিনই আমাদের সংসারের খরচ বাড়ছে। অথচ আয় বাড়ছে না।
তিনি জানান, আগে মাসে ১২ হাজার টাকায় ছেলে-মেয়েদের লেখাপড়াসহ পাঁচ জনের সংসার চলে যেতো। আর এখন ২০ হাজার টাকাতেও চলছে না। জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে সংসার। বাধ্য হয়ে খরচ কমিয়ে দিতে হয়েছে।
গত কয়েক দিনে ভারতের বাজারে প্রতি টন চালের দাম ৮০ থেকে ৯০ ডলার বেড়ে যাওয়ায় বাজারে হঠাৎ করেই চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এ কয়দিনে স্থানীয় বাজারেও সব ধরনের চালের দাম গড়ে ১০ টাকা বেড়েছে।
রাজধানীর বৃহত্তর পাইকারি বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চাল আমদানিকারক হাজী মোহাম্মদ গোলাম মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের দূরদর্শিতার অভাবে এবার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে চালের অভাব নেই। সময়মতো আমদানি করলে এ সঙ্কট হতো না। এখন থাইল্যান্ডসহ অন্য দেশের বাজার খোঁজা হচ্ছে, অনেক আগেই এ কাজটি করা উচিৎ ছিল। শুধু ভারতের বাজারের প্রতি নির্ভর করা ঠিক হয়নি।''
গোলাম মওলা জানান, বৃহস্পতিবার বাজারে চালের দাম বাড়েনি। সরকার যদি আমদানি থেকে শুরু করে ওএমএস চালুসহ বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় তাহলে চালের দাম কিছুটা হলেও কমবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/২১৫৫ ঘ.
bdnews24