২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় পুঁজিবাজার চাঙা

বিদ্যুৎ, ব্যাংকিং ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের ওপর ভর করে দুদিনের পতনের পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। সপ্তাহের শেষ দিনে খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের দুদিনের তুলনায় বেশি ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, ব্যাংকিং ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের ওপর ভর করে দুদিনের পতনের পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। সপ্তাহের শেষ দিনে খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের দুদিনের তুলনায় বেশি ছিল। পুঁজিবাজার বিশ্লেষকরা জানান, আগের দুদিন বাজার সংশোধনের ভয়ে লেনদেনে অংশ নেননি অনেক খুচরা বিনিয়োগকারী। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নিজেদের হিসাব গোছাতে ব্যস্ত ছিলেন। শেয়ার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশ এর প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, "সাধারণত বছরের শুরুর সপ্তাহে বাজারে সংশোধন প্রক্রিয়া চলে। তবে নতুন কোনো ঘোষণা না আসায় খুচরা বিনিয়োগকারীরা বৃহস্পতিবার থেকে আবার লেনদেনে অংশ নিতে শুরু করেছে। হিসাব গুছিয়ে নেয়ার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে।" এছাড়া, রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান যমুনা ও মেঘনার শেয়ার বাজারে আসার খবরও বিনিয়োগকারীদের মনে আশা জাগিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "বিদ্যুৎ, ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বাড়ায় বাজার চাঙা ছিল। তবে মূল্য সূচকগুলোতে তেমন বড় কোনো ওঠানামা হয়নি। এর মানে বাজার স্বাভাবিক আচরণ করছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২০ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে ২৯৭৯ দশমিক ৪৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ২৫০৮ দশমিক ১২ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২৪৪৫ দশমিক ২৪ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৩ কোটি টাকার ৫৭ লাখ ৮৭ হাজার ৯৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৬৮ শতাংশ বেড়ে হয়েছে ২৬৭৬ টাকা। আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে ২৫৪৮ টাকা ৭৫ পয়সা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১৬০০ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ৪১ শতাংশ কমে ৩৫৭৯ টাকা হয়েছে। বৃহস্পতিবার ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, ও গ্রামীণ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল বাংলাদেশ জিপার, আরমিট সিমেন্ট, শমরিতা হাসপাতাল, বিসিআইএল ও গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়িাম, বিডি অটোকারস, পদ্মা প্রিন্টারস, গ্রামীণ বাংলা ফুডস ও জিল বাংলা সুগার। মিউচুয়াল ফান্ড, প্রকৌশল ও ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ১৯ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকার ১৩ লাখ ৭৬ হাজার ৬২৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৬টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/২০১৮ ঘ.