২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে অনলাইন কার্যক্রম চালানোর অনুমোদন পেল নতুন পাঁচটি ব্যাংক

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় আরো পাঁচটি বেসরকারি ব্যাংক অনলাইন সার্ভিস পরিচালনার অনুমোদন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় আরো পাঁচটি বেসরকারি ব্যাংক অনলাইন সার্ভিস পরিচালনার অনুমোদন পেয়েছে। ব্যাংকগুলো হলো, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (অর্থ) মো. হারুন মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর ব্যবহারকারীদের দ্রুত ব্যাংকিং সুবিধা দিতে আরো পাঁচটি ব্যাংককে বন্দরের সংরক্ষিত এলাকায় অনলাইন বুথ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, চবকের সর্বশেষ বোর্ড সভায় ব্যাংকগুলো অনলাইন বুথের জন্য স্থান বরাদ্দ পেয়েছে। এখন তারা বুথ স্থাপনের জন্য বন্দরের ট্রাফিক বিভাগের সঙ্গে চুক্তি করে কার্যক্রম শুরু করবে। বর্তমানে ওয়ান ব্যাংক বন্দরের ওয়ান স্টপ সার্ভিস এলাকায় অনলাইন ব্যাংকিং পরিচালনা করছে। এছাড়া জনতা ব্যাংক আগে থেকেই বন্দরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। হারুন মিয়া জানান, চবক কর্তৃপক্ষ গত বছরের শেষ দিকে বেশ কয়েকটি ব্যাংককে বন্দরের অভ্যন্তরের সংরক্ষিত এলাকায় অনলাইন বুথ স্থাপনের আহবান জানায়। পাঁচটি ব্যাংক এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে। তারা বাংলাদেশ ব্যাংক (বিবি) থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়েছে। পাঁচটি ব্যাংক কন্টেইনার ইয়ার্ড ও জেনারেল কার্গো বার্থ- এ দুই এলাকায় অনলাইন সার্ভিসের জন্য বুথ করবে বলে তিনি জানান। চবকের ট্রাফিক ম্যানেজার লে. কমান্ডার জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচটি ব্যাংকের শাখাসহ ২৩টি প্রতিষ্ঠানকে বন্দরের ভেতরে বুথ ও অফিস স্থাপনের জন্য কর্তৃপক্ষ স্থান বরাদ্দ দিয়েছে। শিগগিরই বন্দরের জায়গা বরাদ্দের জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে। এ বিষয়ে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মামুন উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনলাইন বুথ স্থাপনের জন্য আমরা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছি। এখন বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির অপেক্ষায় আছি। চুক্তি হলে শিগগির বুথের অবকাঠামো স্থাপনের কাজ শুরু করবো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমএআর/এসএনডি/২১৪৫ ঘ.