২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অপ্রদর্শিত আয়' বৈধ করার সুযোগ শেষ হচ্ছে রোববার

অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ রোববার শেষ হচ্ছে। প্রথম দফায় দুই মাসের জন্য এ সুযোগ দেয় সরকার। পরে তা আরও দুই মাস বাড়ানো হয়। অপ্রদর্শিত আয়ের মালিকরা যাতে এ সুযোগ নিতে পারেন সেজন্য শনিবার সাপ্তাহিক ছুটির দিনও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সব শাখার ক্লিয়ারিং হাউজ খোলা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ রোববার শেষ হচ্ছে। প্রথম দফায় দুই মাসের জন্য এ সুযোগ দেয় সরকার। পরে তা আরও দুই মাস বাড়ানো হয়। অপ্রদর্শিত আয়ের মালিকরা যাতে এ সুযোগ নিতে পারেন সেজন্য শনিবার সাপ্তাহিক ছুটির দিনও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সব শাখার ক্লিয়ারিং হাউজ খোলা ছিল। দুপুরে এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান ঢাকার সব কর অঞ্চল পরিদর্শন করে এ ব্যাপারে খোঁজ খবর নেন। দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ''আমরা আশা করছি, শেষ দুই দিনে (শনি ও রোববার) অনেকেই তাদের আয় বৈধ করা সুযোগ নেবেন। সবমিলিয়ে কি পরিমাণ টাকা বৈধ করা হয়েছে তা রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।'' অবশ্য ঢাকার কয়েকটি কর অঞ্চল ঘুরে দেখা গেছে, খুব কম লোকই শনিবার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। এ দিন বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) মাত্র চারজন এই সুযোগ নিয়েছে। এ থেকে সরকার কর পেয়েছে প্রায় ৫০ লাখ টাকা। এলটিইউ এর কমিশনার পারভেজ ইকবাল সাংবাদিকদের বলেন, ''শনিবার পর্যন্ত এ ইউনিটের ১১৮ জন ১২৫ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছে। তাদের কাছ থেকে সরকার কর পেয়েছে ৪০ কোটি টাকার মতো।'' তিনি জানান, বর্তমানে এলটিইউ এর সদস্য এক হাজার। এরমধ্যে ২৭৯টি প্রতিষ্ঠানও রয়েছে। ঢাকা কর অঞ্চল-১ এর কর্মকর্তারা জানান, শনিবার খুব কম লোকই অপ্রদর্শিত আয় বৈধ করেছে। সুযোগ দেওয়ার পর অন্যান্য দিনে যে পরিমাণ টাকা বৈধ করা হয়েছে তার তুলনায় শনিবার অনেক কম হয়েছে। শনিবার এই কর অঞ্চলে অপ্রদর্শিত আয় বৈধ করেছে ২০ জন। নাম প্রকাশ না করার শর্তে কর অঞ্চল-১ এর এক কর্মকর্তা বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শনিবারের পুরো তথ্য এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার পর্যন্ত এ অঞ্চলে ১২৯৭ জন ২৬৪ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ১৭৭ টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছে। এ থেকে সরকার ৫০ কোটি ৯৮ লাখ টাকা কর পেয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত গত চার মাসে ২২ হাজার ৪৭৫ জন তিন হাজার ২১৪ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছে। আর এ থেকে ৫৪৪ কোটি টাকার মতো কর পেয়েছে সরকার। শনিবার বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউজসহ সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন হয়েছে। তবে গ্রাহক সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় কম। নাম প্রকাশ না করার শর্তে মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আজ আমাদের শাখায় স্বাভাবিক লেনদেন হয়েছে। তবে অপ্রদর্শিত আয় বৈধ করার জন্য কেউ পে-অর্ডার করেছেন কি না তা আমার জানা নেই।'' সরকার গত ৪ জুন নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়। প্রথম দফায় দুই মাসের জন্য এই সুযোগ দেওয়া হয়। ৩১ জুলাই এ সুবিধার মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/২০০৫ ঘ.