২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে লেনদেন কমেছে

এবি ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির ঘটনার পর বিনিয়োগকারীরা মার্জিন লোন সমন্বয় করায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 02:55 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবি ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির ঘটনার পর বিনিয়োগকারীরা মার্জিন লোন সমন্বয় করায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে লেনদেন কমেছে। এছাড়া, সামনে ঈদ থাকায় ব্যবসায়ীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা কাজ করছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "এবি ব্যাংকের ব্যাপারে প্রতিবেদন প্রকাশের পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের 'মার্জিন লোন' এর সমন্বয় করছেন। এবি ব্যাংকের ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে।" আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার বাজার বিশেষজ্ঞ আরিফ খান বলেন, "সামনে ঈদ থাকায় ব্যবসায়ীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা কাজ করছে।" সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, "ব্যাংকগুলোর লেনদেনে অনিয়ম লক্ষ্য করায় সে ব্যাপারে আমরা ব্যাখ্যা চেয়েছি।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৪ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে ২৫৫৮ দশমিক ৫৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৯ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে হয়েছে ২১১৭ দশমিক ৪৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে ২০৪৩ দশমিক ৫৮ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৬ কোটি টাকার এক কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক ৯৬ শতাংশ কমে হয়েছে ১৪১৪ টাকা ৭৫ পয়সা। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৯০ শতাংশ কমে ৬২৭ টাকা হয়। ডেসকো'র শেয়ারের দাম ২ দশমিক ৬১ শতাংশ কমে ১১৫৩ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫০ শতাংশ কমে ২৩৭৪ টাকা ২৫ পয়সা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ার এক দশমিক ৬৫ শতাংশ কমে হয়েছে ১২৯১ টাকা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইউসিবিএল এর শেয়ারের দাম স্থিতিশীল ছিল। গ্রামীণ১ এমএফ ও প্রাইম ব্যাংকের দাম কমেছে। তবে সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল স্ট্যান্ডার্ড সিরামিক, ফাহিমা ফুড ও মেঘনা পেট। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল মিথুন নিট ওয়্যার, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ও চিক টেক্স। মঙ্গলবার বিদ্যুত ও ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ১৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার ২১ লাখ ৭১ হাজার ৪৬৯টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৭টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/২০৩৮ঘ.