২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার সহনীয় রাখতে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকার আহ্বান বাণিজ্য সচিবের

বাজার সহনীয় রাখায় সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 12:28 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাজার সহনীয় রাখায় সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। মঙ্গলবার সকালে নগরীর চেম্বার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম, চট্টগ্রাম সেনানিবাসের ডেপুটি কমান্ডেট কর্নেল রেজানুর রহমান খান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। পণ্যমূল্য নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান নিয়ে ব্যবসায়ীদের আস্থাহীনতার প্রসঙ্গ ধরে বাণিজ্য সচিব বলেন, "সরকারের পক্ষ থেকে এ সঙ্কট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কারও প্রতি উদ্দেশ্যমূলকভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।" তিনি ভয়-ভীতি পরিহার করে উৎপাদক, ব্যবসায়ী ও আমদানিকারকদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের ভেতরে উৎপাদিত পণ্যের দাম বাড়ায় ব্যবসায়ী সমাজ নানাভাবে সমালোচিত হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে আমদানিকারকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।" ফিরোজ আহমেদ জানান, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের জন্য আগে ১১ দিন সময় লাগলেও তা এখন ৩ দিনে নেমে এসেছে। এছাড়া চট্টগ্রাম কাস্টমসেও কাজের অগ্রগতি আশাব্যঞ্জক। স্বাগত বক্তব্যে অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম বলেন, ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা ও আমদানিকারকদের শঙ্কা দূর করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। ঢাকায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় চট্টগ্রামের এ বৈঠক বলে তিনি জানান। আমিনুল ইসলাম জানান, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা বিবেচনায় এনে 'বেটার বিজনেস ফোরাম' এবং আলাদা একটি রেগুলেটরি কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, "কোনও ব্যবসায়ী অন্যায় করে পার পাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করার চেষ্টা করছে।" কর্নেল রেজানুর রহমান খান বলেন, "জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী এমন কোনও পদক্ষেপ নেয়নি যা ব্যবসায়ীদের জন্য ভীতির কারণ হতে পারে।" যৌথবাহিনীর পক্ষ থেকে ব্যবসা করার জন্য ভবিষ্যতে কোনপ্রকার ভয়-ভীতি থাকবে না বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী কৃষকদের ঋণ প্রদান, ডলারের বিপরীতে টাকার মান বাড়ানো ও স্বাধীনভাবে ব্যবসা করতে দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বৈঠকের মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যা হচ্ছে উল্লেখ এর সমাধানে সরকারের সহযোগিতা কামনা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/১৮২৭ ঘ.