ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে আটক বা পলাতক ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে। এর জন্য প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে দুর্নীতি, কর ফাঁকি ও অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক বা পলাতক ব্যক্তিদের মালিকানাধীন শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এসব পরামর্শ দিয়ে বলেছে, ব্যাংকগুলোর কার্যক্রম বা পদক্ষেপ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
'শিল্পকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনের পরিবেশ বজায় রাখার বিষয়ে সমন্বিত কার্যক্রম গ্রহণ' শীর্ষক কেন্দ্রীয় ব্যাংকের এই আদেশে বলা হয়, "কোনো শিল্প গ্র"পের মালিক বা মালিকদের কেউ যদি ফৌজদারি বা দুর্নীতি মামলায় অভিযুক্ত হন তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের ব্যাপারে ব্যাংকগুলোর করার কিছু নেই। কিন্তু ঐ শিল্প গ্র"পের ঋণ শ্রেণীকরণ, নুতুন ঋণ অনুমোদন, এলসি (ঋণপত্র) খোলা ইত্যাদি কার্যক্রমে মামলার বিষয়টিকে 'সাবজেকটিভ' ভাবে না দেখে 'অবজেকটিভ' এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। ব্যাংক তার কার্যক্রম সম্পাদন করবে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। সংস্থা ও ব্যক্তির ভূমিকাকে সম্পূর্ণ আলাদাভাবে বিচার করতে হবে।"
পলাতক বা আটক ব্যক্তিদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় সরকারের আয়, কর্মসংস্থা ও পণ্যবাজারে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, "দুর্নীতি, কর ফাঁকি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে বর্তমান সরকারের গৃহীত ধারাবাহিক কার্যক্রমের ফলে দেশের বেশ কিছু ব্যবসায়ী ও শিল্পপতি আটক কিংবা দেশে বিদেশে পলাতক রয়েছেন। ফলে এ সব ব্যবসায়ী ও শিল্পপতির মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। আর এ কারণে এ সব প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বাজারে প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পণ্যের সরবরাহ হ্রাস পাওয়া, সরকারের রাজস্ব আয় সংকুচিত হওয়া এবং এ সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।"
এতে আরো বলা হয়, "এছাড়া চলমান দুর্নীতি বিরোধী ও কর ফাঁকি প্রতিরোধ অভিযানের কারণে দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনাকাঙ্খিত ভীতি ও আস্থার সংকট পরিলক্ষিত হচ্ছে। যার ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও অর্থনীতিবিদরা মনে করছেন।"
আদেশে আরও বলা হয়, "আইনের শাসন প্রতিষ্ঠাকল্পে দুর্নীতি, কর ফাঁকি ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক বা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ যেমন জরুরি, তেমনি এ সব ব্যাক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে ব্যবসায়িক কার্যক্রম ও উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখার বিষয়টিও নিশ্চিত করা আবশ্যক।"
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুরশিদ কুলি খান আদেশটির বিভিন্ন দিক ব্যাখ্যা করে সাংবাদিকদের বলেন, ''সরকারের পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকগুলোকে এ পরামর্শ দিয়েছে। আমরা আশা করছি এ পদক্ষেপের ফলে আটক ও পলাতক ব্যাক্তিদের শিল্পকারখানা চালু থাকবে। স্বাভাবিক উৎপাদন অব্যাহত থাকবে।''
৫ সেপ্টম্বর ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সেনা প্রধান মইন উ আহমেদ ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন।
এরপর কয়েকদিন আগে আটক বা পলাতক ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে ব্যাংকগুলো যাতে সহযোগিতা করে সেজন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে অর্থমন্ত্রণালয়।
১৬ সেপ্টম্বর সব ব্যাংকের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ ব্যাপারে সহায়তা দিতে ব্যাংকগুলোকে দিক নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আদেশটি জারি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/জিএনএ/১৯৩০ ঘ.
bdnews24