ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বিমসটেক এর সদস্য দেশগুলো বাণিজ্য ক্ষেত্রে সংবেদনশীল পণ্য তালিকার (নেগেটিভ লিস্ট) বিষয়ে একটি সমঝোতায় পোঁছতে আলোচনা শুরু করেছে।
সোমবার সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে বিমসটেক এর 'বাণিজ্য বিষয়ক সমঝোতা কমিটি'র ১৫তম বৈঠক উদ্বোধন করে বাংলাদেশের বাণিজ্য সচিব ফিরোজ আহমদ সাংবাদিকদের বলেন, "সংস্থার সাত সদস্যের মধ্যে পাঁচটি দেশ সংবেদনশীল পণ্য তালিকা ২০ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছে। বাকি দুটি দেশ তা ১০ শতাংশে নিয়ে আসতে চায়।"
বাংলাদেশ, ভূটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা সংবেদনশীল পণ্য তালিকা ২০ শতাংশে নামিয়ে আনতে রাজি থাকলেও ১০ শতাংশের পক্ষে আছে থাইল্যান্ড ও মিয়ানমার।
বিশ্ববাণিজ্য সংস্থার নীতিমালা অনুসারে ৫২০০টি পণ্যের ক্ষেত্রে শুল্ক আরোপ করা যেতে পারে। সংস্থার সদস্য দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুসারে এসব পণ্যের ওপর শুল্কের পরিমাণ নির্ধারণ করে। এসব পণ্যের প্রতিটির জন্য জন্য ওয়ার্ল্ড কাস্টসম অরগানাইজেশন নির্ধারিত হারমোনাইজ সিস্টেম কোড বা পণ্য সণাক্তকরণ সার্বজনীন কোড রয়েছে।
বিমসটেক এ সংবেদনশীল পণ্য তালিকা ২০ শতাংশে নামিয়ে আনলে সদস্য দেশগুলোর হাতে সর্বোচ্চ এক হাজার ৪০টি আমদানি পণ্যে শুল্ক আরোপের ক্ষমতা থাকবে। আর তালিকা ১০ শতাংশে নামালে সর্বোচ্চ ৫২০টি পণ্যে শুল্ক আরোপ করতে পারবে তারা।
শ্রীলংকার প্রতিনিধি দলের নেতা মানেল ডি সিলভার সভাপতিত্বে এ বৈঠক বুধবার পর্যন্ত চলবে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিমসটেক এর বাণিজ্য বিষয়ক সমঝোতা কমিটির এবারের বৈঠকে মূলত একটি অবাধ বাণিজ্য চুক্তিতে (এফটিএ) যাওয়ার আগে সদস্য দেশগুলোর সংবেদনশীল পণ্য তালিকা নিয়ে সমঝোতায় পোঁছানোর চেষ্টা করা হবে।
সংবেদনশীল পণ্য তালিকা কমিয়ে আনা নিয়ে সদস্য দেশগুলোর মতপার্থক্যের কথা স্বীকার করেছেন বাংলাদেশের বাণিজ্য সচিব ফিরোজ আহমদ। তিনি বলেন, "সদস্য দেশগুলো 'দেওয়া-নেওয়া' নীতির ভিত্তিতে তালিকার পণ্যসংখ্যা কমিয়ে আনতে পারবে বলে আমি আশা করছি।"
সাংবাদিকদের তিনি আরও বলেন, "সমস্যা কোথায় সে বিষয়ে দেশগুলোর ধারণা খুব পরিষ্কার এবং এর সমাধানে তারা খুব আন্তরিক।"
বিমসটেককে কার্যকর করার ক্ষেত্রে সদস্য দেশগুলো এরই মধ্যে একবছর পিছিয়ে গেছে মন্তব্য করে বাণিজ্য সচিব বলেন, "আমি আশা করি তিন দিনের এ বৈঠক দেশগুলোকে একটি সমঝোতার দিকে নিয়ে যাবে।"
২০০৪ সালে ৮ ফেব্র"য়ারি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) এর ওপর বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০৪ সালের ২৫ জুন বাংলাদেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। পরে বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য ও সেবার বাণিজ্য এবং বিনিয়োগের সম্পূরক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে গঠিত হয় 'বাণিজ্য বিষয়ক সমঝোতা কমিটি'।
গত বছরের ১৮ থেকে ২৩ জুন ভুটানে এ কমিটির ১৪তম বৈঠক হয়েছিল। সেখানে পণ্যের বাণিজ্য সংক্রান্ত খসড়া চুক্তির বিষয়ে আরও আলোচনার বিষয়ে সম্মত হয় সদস্য দেশগুলো। ওই বৈঠকে শ্রীলংকাকে কমিটির প্রধান এবং বাংলাদেশকে রুলস অব অরিজিনের সাব গ্র"পের প্রধান নির্বাচন করা হয়।
এবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ডের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের কর্মকর্তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24