২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের মাঝামাঝি পর্যন্ত শেয়ার বাজার ছিল চাঙা

ভালো দামের প্রত্যাশায় ব্যাংক, বিদ্যুৎ এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার বেশি লেনদেন হওয়ায় রোববার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভালো দামের প্রত্যাশায় ব্যাংক, বিদ্যুৎ এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার বেশি লেনদেন হওয়ায় রোববার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। প্রথম ঘন্টাতেই বাজার চাঙা হয়ে ডিজিইএন সূচক ২৫৯০ পয়েন্টে পৌঁছায়। দিনের মাঝামাঝি তা আবার পড়তির দিকে যায়। বেলা ১২টা ২২ মিনিটে ঢাকা শেয়ার বাজারের ডিজিইএন বা সাধারণ সূচক ২৪ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে ২৫৭৮ দশমিক ১৪ হয়। ডিএসআই বা সার্বিক সূচক ২০ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে ২১৩৬ দশমিক ৮৬ হয়েছে। ওই সময় পর্যন্ত মোট ৯০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার এক কোটি ১৫ লাখ নয় হাজার ১৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজারে বেলা ১২টা ২২ মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয় ব্র্যাক ব্যাংকের শেয়ার। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ১২৫১ দশমিক ২৫ থেকে বেড়ে ১২৮৯ টাকা হয়েছে। এছাড়া চাহিদা বেশি থাকায় প্রাইম ব্যাংক, এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং এবি ব্যাংকের শেয়ারের দামও বেড়ে যায়। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম বৃহস্পতিবার ৮০৯.৭৫ টাকা থাকলেও রোববার তা বেড়ে ৮১৬ টাকা হয়েছে। উঁচু ডিভিডেন্টের প্রত্যাশায় এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের মূল্য ৬ দশমিক ৫২ টাকা থেকে বেড়ে সাত টাকা হয়েছে যা ছিল যাবতকালের সর্বোচ্চ। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৬৩৭ দশমিক ২৫ টাকা থেকে বেড়ে ৬৪০ টাকায় ওঠে। অন্যদিকে এবি ব্যাংকের শেয়ারের দাম ২৩০৫ টাকা থেকে বেড়ে ২৩৭০ টাকা হয়। সাউথইস্ট ব্যাংক এবং সামিট পাওয়ারের শেয়ার কমে বিকোলেও এসিআই, ইউসিবিএল এবং গ্রামীন ওয়ান এমএফ এর শেয়ার ভালোদামে লেনদেন হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/এসকে/১৫২৮ঘ.