ঢাকা, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের তৈরি পোশাক শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই শনিবার তেজগাঁ শিল্প এলাকায় পোশাক করাখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ।
শনিবার সকালের বিক্ষোভ ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।
কারওয়ানবাজার বিজিএমইএ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিজিএমইএর ভারপাপ্ত সভাপতি এবিএম সামসুদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সভাপতি আনিসুল হক ও টিপু মুন্সি, বর্তমান পরিচালক আব্দুস ছালাম মুর্শেদি এবং নাসা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম স্বপন।
এবিএম সামসুদ্দিন বলেন, "কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক নেতা শ্রমিকদের উস্কানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। দেশের যে ক'টি পোশাক কারখানা শীর্ষস্থানীয় রপ্তানিকারক হিসেবে পরিচিত, তারমধ্যে নাসা গ্র"পের কারখানাগুলো অন্যতম। এ গ্র"পের চারটি কারখানা তেজগাঁয়ের একই ভবনে অবস্থিত। এ কারখানাগুলোতে সরকার ঘোষিত নূন্যতম বেতন কাঠামো অনুযায়ী বেতনসহ অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছিল। এরপরও গত ২০ সেপ্টেম্বর সকালে ঈদ বোনাস, উপস্থিতি বোনাস, টিফিন ভাতা, ইফতার ভাতা বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। মালিকপক্ষ শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তারা কাজে যোগ দেয়নি। এ পরিস্থিতিতে শনিবার সকালে কারখানা মালিক শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো লকআউট (বন্ধ) ঘোষণা করে। সকালে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে আশপাশের কারখানাতেও হামলা চালায়, ভাঙচুর করে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সির পোশাক কারখানা শেফালেও হামলা চালায় তারা।"
তিনি যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এ ঘটনার সঙ্গে যদি কোনো কারখানা মালিক জড়িত থাকে, তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আনিসুল হক বলেন, ''শ্রমিক নেতা নামধারী কিছু লোকের উস্কানিতে উচ্ছৃঙ্খল শ্রমিকরা এ ঘটনা ঘটিয়েছে। এটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। দেশের পোশাক শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রেরই একটি অংশ। বার বার এ ধরনের ঘটনা দেশের পোশাক শিল্পকে হুমকির মুখে ফেলে দিয়েছে।''
টিপু মুন্সি বলেন, ''একটি বিশেষ মহল চায় না যে বাংলাদেশে পোশাক শিল্প টিকে থাকুক। তারাই বার বার শ্রমিকদের ব্যবহার করে অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে।''
তিনি বলেন, ''আমার কারখানাতেও হামলা হয়েছিল। কিন্তু আমার শ্রমিকরাই আজ আমার কারখানা রক্ষা করেছে। তারা বাইরের শ্রমিকদের কারখানায় ঢুকতে দেয়নি। কারখানার গেটে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।''
নাসা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম স্বপন বলেন, ''গত ১৮ বছর ধরে আমি তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত। শ্রমিকদের আমি নিয়মিত বেতন-বোনাস দিয়ে থাকি। এরপরও শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে আমি কারখানা বন্ধ করে দিয়েছি।''
শ্রমিকদের ইফতারি ভাতা বাড়ানোর দাবির বিষয়ে তিনি বলেন, ''কোনো কারখানাতেই ইফতারি বা টিফিনের জন্য নগদ টাকা দেওয়া হয় না। জনপ্রতি ৮ থেকে ১২ টাকার মধ্যে টিফিন কিনে এনে শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়।''
কাদের উস্কানিতে শ্রমিকরা বার বার এমন ঘটনা ঘটাচ্ছে জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্রকারী বা উস্কানিদাতাদের খুঁজে বের করার দায়িত্ব আমাদের নয়। আমরা চাই সরকার তাদের খুঁজে বের করে শাস্তি দিক।
বিডিনিউজ টুয়ন্টিফেঅর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৯২৬ ঘ.
bdnews24