ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও বিদ্যুত খাতের শেয়ার বিক্রি বাড়ায় বৃহস্পতিবার সপ্তাহের সবচেয়ে ভালো দিনটি পার করেছে শেয়ার বাজার।
বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সপ্তাহের প্রথম তিন দিন বাজার মন্দা ছিল তবে নতুন করে শেয়ার বিক্রি বাড়ায় বাজার চাঙা হয়ে ওঠে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৯ দশমিক ৩৮ পয়েন্ট বা এক দশমিক ৫৭ শতাংশ বেড়ে ২৫৫৩ দশমিক ৯৯ পয়েন্ট হয়।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৬ দশমিক ২৫ পয়েন্ট বা এক দশমিক ৭৪ শতাংশ বেড়ে হয়েছে ২১১৬ দশমিক ৪২ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৭ দশমিক ২২ পয়েন্ট বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ২০৪৫ দশমিক ৭৮ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭৬ কোটি টাকার এক কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দাম।
ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ৫৩ শতাংশ বেড়ে হয়েছে ১৪৬৮ টাকা।
প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৮০৯ টাকা ৭৫ পয়সা হয়। পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দিনশেষে ৬৩৭ টাকা ২৫ পয়সায় পৌঁছায়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ১২৫১ টাকা ২৫ পয়সা। ইউসিবিএল এর শেয়ার ২ দশমিক ০৩ শতাংশ বেড়ে ৪৫৪৪ টাকা ৫০ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল গ্লোবাল ইন্সুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স ও আইএফআইসি ব্যাংক। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার ও পাইওনিয়ার ইন্সুরেন্স।
বৃহস্পতিবার ব্যাংক ও বিদ্যুত খাতের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২১ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকার ১৩ লাখ ৫৯ হাজার ৫০৫টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৫টির কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৯১৭ঘ.
bdnews24